প্রতিটি কার্যদিবসের মতোই বাড়ি থেকে সকালে বের হয়ে সচিবালয়ে যাওয়ার সময় প্রধানমন্ত্রী তারেক রহমান বাড়ির দরজা খুলে উপস্থিত সবার উদ্দেশ্যে মুচকি হেসে বলেছেন, ‘চলেন যুদ্ধে যাই’। সেখানে উপস্থিত প্রধানমন্ত্রীর ব্যক্তিগত কর্মকর্তারা এই মন্তব্যে চমকে যান।
রোববার (৮ মার্চ) সকালে সপ্তাহের প্রথম কার্যদিবসে বাড়ি থেকে বের হওয়ার সময় ব্যতিক্রম এই দৃশ্য দেখা গেছে। এ সময় প্রতিদিনের মতো প্রধানমন্ত্রীর পাশে ছিলেন তার অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন।
অতিরিক্ত প্রেস সচিব জানান, প্রধানমন্ত্রী তারেক রহমান যখন তিন শব্দের এই লাইন বললেন, তখন সেখানে উপস্থিত ব্যক্তিগত কর্মকর্তারা হতচকিত হয়ে পড়েন। পরক্ষণেই উপস্থিত কারো-ই বুঝতে বাকি রইলা না যে তিনি দেশ পরিচালনার কাজকে ‘যুদ্ধ’ বলে বুঝিয়েছেন। তিন শব্দের চমকপ্রদ লাইনে দেশ গঠনে তার প্রতিদিনের সংগ্রামের কথা বলেছেন।
অতিরিক্ত প্রেস সচিব জানিয়েছেন, তিনি সকাল ৮টা ৪২মিনিটে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের উদ্দেশ্যে রাজধানীর গুলশানের বাড়ি থেকে বের হন। দেশের প্রধানমন্ত্রীর বাড়ি থেকে বের হওয়ার আগে তার ব্যক্তিগত কর্মকর্তা ও নিরাপত্তা কর্মকর্তারা প্রস্তুত থাকেন। প্রতিদিনের মতো সেই প্রস্তুতি নিয়ে তারা যখন প্রধানমন্ত্রীর জন্য অপেক্ষা করছিলেন, ঠিক তখন বাড়ির দরজা খুলেই চিরাচরিত হাস্যোজ্জ্বল মুখে সবার উদ্দেশ্যে এ কথা বলেন তিনি।







