রাজধানীর বঙ্গবাজারে অগ্নিকাণ্ডের ঘটনায় আগুন নিয়ন্ত্রণ থেকে শুরু করে পরবর্তী পদক্ষেপ গ্রহণের ওপর সার্বক্ষণিক নজর রেখেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ জন্য সংশ্লিষ্ট সকলকে প্রয়োজনীয় দিকনির্দেশনাও দিয়েছেন তিনি।
প্রধানমন্ত্রী কার্যালয় সূত্রে এ তথ্য জানা গেছে।
আজ মঙ্গলবার সকাল ৬টা ১০ মিনিটে বঙ্গবাজারে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। আর ৬টা ১২ মিনিটে ঘটনাস্থলে পৌঁছায়। প্রায় সাড়ে ছয় ঘণ্টার চেষ্টার পর দুপুর ১২টা ৩৬ মিনিটে আগুন নিয়ন্ত্রণে এসেছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষ।
এই আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের ৫০টি ইউনিট কাজ করেছে। এছাড়া কাজ করেছে সেনাবাহিনীর দুই শতাধিক কর্মী। আগুন নিয়ন্ত্রণে আনতে বিজিবি, পুলিশ, ওয়াসাও একসাথে কাজ করেছেন।
আগুন লাগার কারণ সম্পর্কে এখনো জানা যায়নি। এ বিষয়ে জানতে ৫ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হবে বলে জানা গিয়েছে। পুরোপুরি তদন্তের পরই কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তা বলা যাবে।

আগুন নিয়ন্ত্রণে আনতে গিয়ে ফায়ার সার্ভিসের আট জন কর্মী আহত হয়েছে। এদের মধ্যে দুই জনের অবস্থা আশঙ্কাজনক। তারা হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি আছেন।








