প্রচণ্ড গরমে গ্রিসের একাধিক জঙ্গলে আগুন লেগে ভয়াবহ দাবানলে রূপ নিয়েছে। দেশটির একটি জঙ্গলে দাবানলের আগুন নেভাতে গিয়ে ভেঙে বিধ্বস্ত হয়েছে একটি উড়োজাহাজ। এই ঘটনায় সেখানে থাকা দুই পাইলটের মৃত্যু হয়েছে।
আন্তর্জাতিক সংবাদ মাধ্যম ডয়েচ ভেলে জানিয়েছে, গতকাল (২৫ জুলাই) মঙ্গলবার গ্রিসের রাজধানী এথেন্সের কাছে এভিয়া দ্বীপের দাবানল নিয়ন্ত্রণে আনতে সেখানে একটি উড়োজাহাজ পাঠানো হয়। দমকলের ওই বিশেষ উড়োজাহাজটি আগুন নেভানোর জন্যই সেখানে যাওয়ার কিছুক্ষণের মধ্যেই বিধ্বস্ত হয়ে পড়ে। এই ঘটনায় উড়োজাহাজে থাকা দুইজন পাইলটের মৃত্যু হয়েছে।
এখন পর্যন্ত এই দাবানলের আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। আগুনের প্রচণ্ড গরমের কারণে গ্রিসের বিভিন্ন এলাকা থেকে পর্যটক এবং স্থানীয় মানুষকে উদ্ধার করে অন্যত্র নিয়ে যাওয়া হচ্ছে। একাধিক অঞ্চলে রেড এলার্ট জারি করা হয়েছে। এর আগে তাপপ্রবাহের কারণে সিসিলি বিমানবন্দর বন্ধ করে দেওয়া হয়। গত সোমবার তা আবার খোলা হয়েছে।
এদিকে গ্রিসের এভিয়া দ্বীপ থেকে একজন মেষপালকের মৃতদেহ উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, আগুনে পুড়েই তার মৃত্যু হয়েছে। গত রোববার থেকে ওই ব্যক্তি নিখোঁজ ছিলেন। গ্রিসে এই নিয়ে দাবানলের গরমে তিন জনের মৃত্যুর ঘটনা ঘটেছে।








