কক্সবাজার থেকে ঢাকাগামী কক্সবাজার এক্সপ্রেসের সাথে গাছবাহী একটি নসিমনের সংঘর্ষের ঘটনা ঘটেছে। তবে চালকের দক্ষতার কারণে বড় দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছেন ট্রেন ভর্তি যাত্রীরা।
আজ রোববার ২৪ মার্চ দুপুর ১টা ৫ মিনিটের দিকে কক্সবাজার জেলার ডুলাহাজারা পার হয়ে চকরিয়ায় ঢোকার পথে এই সংঘর্ষের ঘটনা ঘটে। কক্সবাজার এক্সপ্রেসের চালক (লোকোমাস্টার) ছিলেন আবদুল আওয়াল রানা। মূলত তার দক্ষতায় বড় ধরণের দুর্ঘটনা থেকে রক্ষা পায় ট্রেন ও ট্রেনের যাত্রীরা।
কক্সবাজার আইকনিক রেল স্টেশনের মাস্টার মো. আতিকুল ইসলাম বলেন, কক্সবাজার থেকে ঢাকাগামী কক্সবাজার এক্সপ্রেস কক্সবাজার আইকনিক রেলস্টেশন থেকে বেলা ১২টা ৪০ মিনিটে ছেড়ে যায়। যাওয়া পথে রেললাইনের ওপর একটি নসিমন (মালবাহী পরিবহন) উঠে যায়।
তিনি জানান, ট্রেনের চালক দূর থেকে নসিমনটি দেখতে পেয়ে ট্রেনের গতি স্বাভাবিকের তুলনায় কমানোর কারণে বড় কোন দুর্ঘটনা ঘটেনি। তবে গাছবাহী নসিমনটি রেললাইনে আটকে যায়। চালক রানা তার সহকারী লোকোমাস্টার, স্টাফ এবং এলাকাবাসীর সহায়তায় এটি রেললাইন থেকে অপসারণ করে রেল চলাচলের উপযুক্ত করেন।
২৫ মিনিট পর রেললাইন রেল চলাচলের উপযুক্ত হলে ট্রেনটি আবার চট্টগ্রামের উদ্দেশে রওনা দেয়।








