বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন মো. মোস্তাকুর রহমান। আজ বৃহস্পতিবার সকাল ১০টা ৪০ মিনিটে তিনি বাংলাদেশ ব্যাংক-এ প্রবেশ করেন। এ সময় ডেপুটি গভর্নর ও প্রধান কার্যালয়ের কর্মকর্তারা তাকে ফুল দিয়ে স্বাগত জানান। সাংবাদিকরা তার বক্তব্য জানতে চাইলে, কথা কম বলে কাজ করে দেখাতে চান জানিয়ে তিনি ওপরের তলায় চলে যান।
জানা গেছে, সেখানে গিয়ে তিনি প্রথমে ডেপুটি গভর্নরদের সঙ্গে বৈঠক করেন। পরে সব নির্বাহী পরিচালকদের নিয়ে বৈঠকে বসেন। বৈঠক শেষে সচিবালয়ে অর্থমন্ত্রীর দপ্তরে যাওয়ার কথা রয়েছে।
কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তাদের ধারাবাহিক বিক্ষোভের প্রেক্ষাপটে ড. আহসান এইচ মনসুর-কে সরিয়ে প্রথমবারের মতো একজন ব্যবসায়ীকে গভর্নর হিসেবে নিয়োগ দেয় সরকার। গতকাল বুধবার আগামী চার বছরের জন্য হেরা সোয়েটার্সের মালিক মোস্তাকুর রহমানকে এই পদে নিয়োগ দেওয়া হয়। তিনি আগে বিজিএমইএর স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান ছিলেন।
মোস্তাকুর রহমান ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির সদস্য ছিলেন। তার গ্রামের বাড়ি চট্টগ্রামের আনোয়ারায়। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে হিসাববিজ্ঞানে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। পরে ১৯৯২ সালে আইসিএমএবি থেকে সিএমএ সম্পন্ন করেন।
তিনি হেরা সোয়েটার্স লিমিটেড-এর ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা। এছাড়া তিনি বিভিন্ন ব্যবসায়িক সংগঠনের সঙ্গে যুক্ত ছিলেন এবং চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের পরিচালক হিসেবেও দায়িত্ব পালন করেন।
জানা গেছে, হেরা সোয়েটার্স লিমিটেড মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক-এর ঋণগ্রহীতা। প্রতিষ্ঠানটির ঋণ পুনঃতপশিলের আবেদন অনুমোদিত হয় ১০ বছরের জন্য। বর্তমানে ঋণ স্থিতি রয়েছে ৮৬ কোটি টাকা।
আর্থিক প্রতিষ্ঠান বিভাগের আদেশ অনুযায়ী, অন্যান্য প্রতিষ্ঠানের সঙ্গে সম্পর্ক ছিন্ন করে চার বছরের জন্য তাকে গভর্নর হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। একই আদেশে ড. আহসান এইচ মনসুরের অবশিষ্ট মেয়াদ বাতিল করা হয়।








