ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন আগামী বৃহস্পতিবার (১২ মার্চ) সকাল ১১টায় শুরু হতে যাচ্ছে। এর আগে বুধবার একই সময়ে সংসদ ভবনে সরকারি দল বিএনপির সংসদীয় দলের বৈঠক অনুষ্ঠিত হবে। এই সভায় সভাপতিত্ব করবেন সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান।
সোমবার (৯ মার্চ) সংসদ সচিবালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৈঠকে সরকারদলীয় সব সংসদ সদস্যকে উপস্থিত থাকতে চিফ হুইপ নূরুল ইসলাম মনি অনুরোধ জানিয়েছেন। বৈঠকে নতুন সংসদের স্পিকার মনোনয়ন দেওয়া হতে পারে বলে দলীয় সূত্রে জানা গেছে।
ডেপুটি স্পিকার পদটি প্রধান বিরোধী দল জামায়াতে ইসলামীর জন্য রাখার প্রস্তাব দিয়েছে বিএনপি। দলটি আশা করছে, জামায়াত তাদের পক্ষ থেকে একজন সংসদ সদস্যকে এ পদে মনোনয়ন দেবে। তবে জামায়াত সাড়া না দিলে বিএনপি নিজ দলের কোনো এমপিকেই ডেপুটি স্পিকার করতে পারে।
স্পিকার ও ডেপুটি স্পিকার কে হচ্ছেন—এ নিয়ে রাজনৈতিক অঙ্গনে কৌতূহল তৈরি হয়েছে। স্পিকার পদে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান, ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট জয়নাল আবেদীন, মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ এবং আলতাফ হোসেন চৌধুরীর নাম আলোচনায় রয়েছে। অন্যদিকে ডেপুটি স্পিকার পদে বিএনপি নেতা জয়নুল আবদিন ফারুক ও বরকত উল্লাহ বুলুর নামও শোনা যাচ্ছে।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জানান, জুলাই জাতীয় সনদের প্রতি সম্মান জানিয়ে বিরোধীদল থেকে ডেপুটি স্পিকার করার প্রস্তাব দেওয়া হয়েছে। তবে এ বিষয়ে জামায়াতের পক্ষ থেকে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত আসেনি।
এদিকে স্পিকার ও ডেপুটি স্পিকার পদ শূন্য থাকায় সংসদের প্রথম বৈঠকে কে সভাপতিত্ব করবেন তা নিয়েও আলোচনা চলছে। সংবিধানের বিধান অনুযায়ী, নতুন স্পিকার নির্বাচিত না হওয়া পর্যন্ত একজন সংসদ সদস্যকে দায়িত্ব দেওয়া যেতে পারে। সে ক্ষেত্রে বিএনপির জ্যেষ্ঠ নেতা ড. খন্দকার মোশাররফ হোসেন প্রথম বৈঠকে সভাপতিত্ব করতে পারেন বলে জানা গেছে।
প্রচলিত নিয়ম অনুযায়ী, অধিবেশনের শুরুতে প্রথমে স্পিকার নির্বাচন করা হবে। এরপর ডেপুটি স্পিকার নির্বাচিত হবেন। পরে রাষ্ট্রপতির কাছে শপথ নেওয়ার পর নতুন স্পিকারের সভাপতিত্বে অধিবেশন পুনরায় শুরু হবে এবং রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন সংসদে ভাষণ দেবেন।
এদিকে সোমবার সংসদ ভবনে চিফ হুইপ নূরুল ইসলাম মনির কার্যালয়ে গিয়ে তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন বিরোধীদলীয় চিফ হুইপ ও এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। এ সময় এনসিপির সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ ও জামায়াতের সংসদ সদস্য রফিকুল ইসলামও উপস্থিত ছিলেন।


