আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হলো বিশ্ব ইজতেমার প্রথম পর্ব। টঙ্গীর তুরাগ তীরে মুসলমানদের দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় জমায়েতের আখেরি মোনাজাতে বিশ্ব মানবতার কল্যাণ এবং দেশের শান্তি কামনা করেন লাখ লাখ ধর্মপ্রাণ মুসল্লি।
আশ-পাশের এলাকা থেকে টুপি পাঞ্জাবী পরা মানুষের স্রোত এসে থামছে তুরাগ তীরে। আল্লাহর করুনা লাভের আশায় ছুটে আসার এই ব্যকুলতা ধর্মপ্রাণ মুসল্লিদের। তাবলীগ জামাতের কাকরাইল মারাকজের সূরা সদস্য মওলানা মোহাম্মদ জুবায়ের অন্যান্য মুরুব্বীদের পর সকাল ৮ টার দিকে সমাপনী বয়ান শুরু করেন। ১ ঘণ্টার বয়ানে দুনিয়া এবং আখেরাত নিয়ে গুরুত্বপূর্ণ কথা বলেন তিনি।
রোববার (২ ফেব্রুয়ারি) সকাল ৯টার পর মুসল্লিদের মোনাজাতের জন্য প্রস্তুত হতে বলেন মাওলানা জুবায়ের। এর পর শুরু হয় কাংখিত সেই মোনাজাত।
৩ দিন ধরে ইজতেমায় অংশ নেয়া দেশ-বিদেশের লাখ লাখ মুসল্লির সঙ্গে মোনাজাতে অংশ নেন সারা দেশ থেকে আসা মানুষ।
প্রথমে আরবি এবং পরে বাংলা মোনাজাতে পাপ মুক্তি আর পরম করুণাময়ের অপার সন্তুষ্টি অর্জনে দু’হাত তুলে কান্নায় ভেঙ্গে পড়েন অনেকে। মওলানা জুবায়েরও কান্না জড়িত কন্ঠে বার বার ক্ষমা চান মহান আল্লাহ রাব্বুল আল আমীনের দরবারে।
মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দেশ এবং বিশ্ব মানবতার শান্তি ও কল্যাণ কামনা করেন সবাই। রোববার সন্ধ্যা থেকে আবার শুরু হচ্ছে ২য় পর্বের বিশ্ব ইজতেমা।








