নারায়ণগঞ্জের রূপগঞ্জে পুড়ে যাওয়া গাজী টায়ারস কারখানা পরিদর্শন করেছে বুয়েট ও ফায়ার সার্ভিসের বিশেষজ্ঞ দল। পরিদর্শন শেষে বিশেষজ্ঞরা জানিয়েছেন, আগুনে পুড়ে ভবনটি ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে।
বৃহস্পতিবার (২৯ আগস্ট) সকাল ১০টার দিকে পুড়ে যাওয়া গাজী টায়ার কারখানা পরিদর্শন শেষে বুয়েটের প্রফেসর রাকিব আহসান সাংবাদিকদের এ তথ্য জানান।

ভবনের উপরের তিনটি ফ্লোরের ছাদের অংশ ভেঙ্গে পড়েছে। তাই উদ্ধার অভিযান পরিচালনা করা ঝুঁকিপূর্ণ। দীর্ঘ সময় আগুন জ্বলার কারণে চার, পাঁচ ও ছয়তলার ছাদ ভেঙ্গে গেছে। ভবনে বিম বাকা হয়ে গেছে। এ অবস্থায় অভিযান করতে গেলে ভবনটি ভেঙ্গে পড়তে পারে। তবে এসময় কোনো মরদেহ চোখে পড়েনি।
এর আগে সকাল ৯টার দিকে বুয়েটের এক সদস্যের প্রতিনিধি দল গাজী টায়ারস কারখানা পরিদর্শনে আসেন।
ফায়ার সার্ভিসের বৃহত্তর ঢাকার সহকারী পরিচালক জানান, তদন্ত কমিটি, বুয়েটের বিশেষজ্ঞের নির্দেশে ভবনটির বেইজমেন্টে নিখোঁজদের সন্ধানে তল্লাশি চালানো হয়। সেখানে কোনো লাশ বা মৃতের দেহাবশেষ পাওয়া যায়নি। আপাতত উদ্ধার অভিযান শেষ। ফায়ার সার্ভিসের টিম এখানে থাকবে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশ অনুযায়ী পরবর্তী কার্যক্রম শুরু হবে।








