রাজধানীর মিরপুরের বোটানিক্যাল গার্ডেন, বলধা গার্ডেনসহ দেশের ছয় উদ্যান ও ইকোপার্কে প্রবেশমূল্য সর্বোচ্চ পাঁচ গুণ পর্যন্ত বাড়ানো হয়েছে।
উদ্যান–ইকোপার্কগুলো হল: মিরপুরের বোটানিক্যাল গার্ডেন (জাতীয় উদ্ভিদ উদ্যান), রাজধানীর বলধা গার্ডেন, কক্সবাজারের বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্ক, মৌলভীবাজারের লাউয়াছড়া ও সাতছড়ি জাতীয় উদ্যান, চট্টগ্রামের বাঁশখালী ইকোপার্ক এবং ময়মনসিংহ বন বিভাগের মধুটিলা ইকোপার্ক।
এর আগে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের বন অধিশাখা-১ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে প্রবেশমূল্য বাড়ানোর কথা বলা হয়। এখন থেকে এসব উদ্যান-ইকোপার্কে প্রবেশের জন্য ১২ বছরের বেশি বয়সী দর্শনার্থীদের জনপ্রতি ১০০ টাকা ফি দিতে হবে যা আগে ছিল ২০ টাকা। আর ১২ বছরের কম বয়সীদের এখন দিতে হবে ৫০ টাকা।
এর মধ্যে মধুটিলা ইকোপার্ক বাদ দিয়ে সব কটি উদ্যান-ইকোপার্কে প্রবেশমূল্য ইতিমধ্যে বাড়ানো হয়েছে। লাউয়াছড়া ও সাতছড়ি ইকোপার্কের ক্ষেত্রে ভ্যাট যুক্ত করে প্রবেশমূল্য করা হয়েছে ১১৫ টাকা।
প্রজ্ঞাপন অনুযায়ী, কোনো শিক্ষাপ্রতিষ্ঠান থেকে শিক্ষার্থীদের দল বোটানিক্যাল গার্ডেনে গেলে ১০০ জনের একটি দলের জন্য ১ হাজার টাকা ফি দিতে হবে। এমন দলে শিক্ষার্থীর সংখ্যা ১০০ জনের বেশি হলে দিতে হবে ১ হাজার ৫০০ টাকা।প্রজ্ঞাপনে বিদেশি পর্যটকদের প্রবেশ ফিও নির্ধারণ করে দেওয়া হয়েছে। পর্যটকদের প্রতিজনে ফি দিতে হবে ১ হাজার টাকা বা সমমূল্যের মার্কিন ডলার।
জাতীয় উদ্ভিদ উদ্যানের ক্ষেত্রে বলা হয়েছে, শরীরচর্চার জন্য উদ্যানে যারা নিয়মিত হাঁটতে যান, তাদের জন্য বাৎসরিক প্রবেশ কার্ড করতে হবে। এর জন্য ফি নির্ধারণ করা হয়েছে ৫০০ টাকা। প্রাতঃভ্রমণের জন্য সময়ও নির্ধারণ করে দেওয়া হয়েছে। নভেম্বর থেকে মার্চ মাস পর্যন্ত সকাল সাড়ে ৬টা থেকে সাড়ে ৭টা এবং এপ্রিল থেকে অক্টোবর পর্যন্ত ৬টা থেকে ৭টা পর্যন্ত উদ্যানে থাকতে করতে পারবেন এই কার্ডধারীরা। শরীরচর্চার জন্য আগে উদ্যানে প্রবেশে কোনো ফি দিতে হতো না।








