বিএনপির স্থায়ী কমিটি সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, বাংলাদেশের নির্বাচন শুধু দেশের মধ্যে প্রশ্নবিদ্ধ নয়, সারাবিশ্বেও প্রশ্নবিদ্ধ। দেশের মানুষ যেভাবে দেশে অংশগ্রহণমূলক, বিশ্বাসযোগ্য নির্বাচন দেখতে চায়, আন্তর্জাতিক অঙ্গনও তাই চায়।
সোমবার (৯ অক্টোবর) যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দলের সাথে বৈঠক শেষে এসব কথা বলেন তিনি। গুলশানে সকাল ১০টা ২৩ মিনিটে শুরু হওয়া এ বৈঠকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে ৭ সদস্যের প্রতিনিধি দল উপস্থিত ছিলেন। বৈঠকে উপস্থিত ছিলেন বিএনপিরস্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, আব্দুল মঈন খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, উপদেষ্টা ইসমাইল হোসেন জবিউল্লাহ, মানবাধিকারবিষয়ক সম্পাদক আসাদুজ্জামান আসাদ, সাংগঠনিক সম্পাদক শ্যামা ওবায়েদ।
যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদলের সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন মারিয়া চিন আব্দুল্লা, মারিও মাইত্রি, জেমি ক্যানডেন্স সাক্স স্পাইকারম্যান, আকাশ সিসাসাই কুলোরি, ডেনিয়েল মাইকেল রেইলি, জিওফ্রে পিটার ম্যাকডোনাল্ট।
আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দলও বাংলাদেশে নির্বাচনের পরিবেশ দেখতে এসেছে। বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে শেখ হাসিনার অধীনে নিরপেক্ষ নির্বাচন সম্ভব নয়। গত দুটি নির্বাচনে কারচুপি হয়েছে।
তিনি বলেন, গত নির্বাচনেরও অবস্থার পরিবর্তন হয়নি আরও পরিস্থিতি খারাপ হয়েছে। সরকার এখন ভোট চুরির প্রকল্পকে প্রাতিষ্ঠানিক রুপ দিয়েছে। সেজন্য বিএনপি এক দফা দাবির বিষয়ে বলেছে, সরকারকে পদত্যাগ করে নিরপেক্ষ সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করতে হবে। নতুন কমিশনের অধীনে নির্বাচনের ব্যবস্থা করতে হবে।
বিএনপির এই নেতা আরও বলেছেন, যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দল সবার সাথে কথা বলে নিজেদের মতামত দেবে। বাংলাদেশে সুষ্ঠু নির্বাচনের পরিবেশ নেই বলেই বাংলাদেশ সফরে এসেছে পর্যবেক্ষক দল। প্রতিনিধি দল সার্বিক পরিস্থিতি সম্পর্কে জানতে চেয়েছে, বিএনপি সব বিষয় তুলে ধরেছে।








