বঙ্গোপসাগরে সৃষ্ট হওয়া নিম্নচাপটি বর্তমানে চেন্নাইয়ের কাছে অবস্থান করছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বাংলাদেশের উপকূলীয় এলাকায় ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা নেই বলেও জানিয়েছে তারা।
বৃহস্পতিবার ১৭ অক্টোবর সংস্থাটি জানিয়েছে, দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত নিম্নচাপটি আজ বৃহস্পতিবার সকাল ৮টায় উত্তর তামিলনাড়ু-দক্ষিণ অন্ত্র উপকূল অতিক্রম করে বর্তমানে উত্তর চেন্নাইয়ের কাছে অবস্থান করছে।
এমতাবস্থায় সমুদ্র বন্দরসমূহ, উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকার উপর দিয়ে ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা নেই বলেও জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
একইসাথে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরসমূহকে ১ এক নম্বর দূরবর্তী সতর্ক সংকেত নামিয়ে ফেলতে বলা হয়েছে।
এদিকে আজ সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রাজশাহী ও ঢাকা বিভাগের অনেক জায়গায়, খুলনা ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, ময়মনসিংহ, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি হতে পারে।








