ত্রয়োদশ জাতীয় সংসদের সরকারি দলের সংসদীয় সভা আগামী ১১ মার্চ অনুষ্ঠিত হবে। ওই দিন সকাল ১১টায় জাতীয় সংসদ ভবনে সরকার দলীয় সভাকক্ষে এই বৈঠক ডেকেছেন চিফ হুইপ।
সোমবার (৯ মার্চ) সংসদ সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বৈঠকে উপস্থিত থাকার জন্য সরকারি দলের সব সংসদ সদস্যকে অনুরোধ জানিয়েছেন চিফ হুইপ মো. নূরুল ইসলাম।
এর আগে সংসদ সচিবালয় জানিয়েছে, ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন আগামী ১২ মার্চ বেলা ১১টায় শুরু হবে। জাতীয় সংসদ ভবনের সংসদ কক্ষে বসতে যাওয়া এই অধিবেশন আহ্বান করেছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন।
গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৯৯টি আসনে ভোটগ্রহণ হয়। পরদিন ১৩ ফেব্রুয়ারি নির্বাচন কমিশন ২৯৭টি আসনের ফলাফলের গেজেট প্রকাশ করে। ঘোষিত ফল অনুযায়ী, সংখ্যাগরিষ্ঠ আসনে জয় পায় বিএনপি।
সংবিধান অনুযায়ী, নির্বাচনের গেজেট প্রকাশের ৩০ দিনের মধ্যে নতুন সংসদের প্রথম অধিবেশন আহ্বান করা বাধ্যতামূলক। সেই ধারাবাহিকতায় আগামী ১২ মার্চ ত্রয়োদশ জাতীয় সংসদের যাত্রা শুরু হতে যাচ্ছে।







