কুড়িগ্রামের নাগেশ্বরীর ব্রহ্মপুত্র নদে গোসল করতে নেমে নিখোঁজ হওয়ায় ৪ শিশুর মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস ও স্থানীয়রা।
উদ্ধারকৃতরা হল- নারায়ণপুর ইউনিয়নের আষ্টশির চর গ্রামের আহাদ আলীর ছেলে আতিক হাসান, একই গ্রামের আলম মিয়ার ছেলে জুয়েল ও নজরুল ইসলামের ছেলে নাজমুল। এখনও নিখোঁজ রয়েছে আহাদ আলীর কন্যা আঁখি। নিহতদের বয়স ৭ থেকে ১০ বছরের মধ্যে।
বৃহস্পতিবার ১২ সেপ্টেম্বর সকাল থেকে দুপুরের মধ্যে ঘটনাস্থলের ২ থেকে ৩ কিলোমিটার ভাটির দিকে এ মরদেহগুলো উদ্ধার করা হয়। এর আগে, বুধবার বিকেলে নিখোঁজের ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, গতকাল বুধবার বিকেলে নাগেশ্বরী উপজেলার নারায়ণপুর ইউনিয়নের বাঘমারা গ্রামের ব্রহ্মপুত্র নদে গোসলে নেমে ৪ শিশু নিখোঁজ হয়। এদের মধ্যে আতিক হাসান ও আঁখি ছিল আপন ভাই-বোন। বৃহস্পতিবার সকাল থেকে দুপুরের মধ্যে কুড়িগ্রাম সদর উপজেলার যাত্রাপুর ইউনিয়নে ব্রহ্মপুত্র নদ থেকে মরদেহ তিনটি উদ্ধার করা হয়। পরে মরদেহগুলো পরিবারের কাছে হস্তান্তর করে তারা।
কচাকাটা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিশ্বজিৎ রায় নিখোঁজ চার শিশুর মধ্যে ৩ শিশুর মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।








