কোটা সংস্কারের দাবিতে পূর্ব ঘোষণা অনুযায়ী সারাদেশে নিজ-নিজ শিক্ষা প্রতিষ্ঠানে অবস্থান নিয়েছে আন্দোলনকারী শিক্ষার্থীরা।
বুধবার ১০ জুলাই কোটা বাতিলের দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবোধ করেছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। সকাল ১১টায় শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয় থেকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এসে সড়ক অবরোধ করেন।
এসময় তারা ‘লড়াই লড়াই চাই, লড়াই করে বাঁচতে চাই, আমার সোনার বাংলায়, বৈষ্যমের ঠাই নাই, লেগে ছেরে লেগেছে, রক্তে আগুন লেগেছে, একাত্তরের হাতিয়ার, গর্জে উঠুক আরেকবার, সারা বাংলা খবর দে, কোটা প্রথার কবর দে’ ইত্যাদি বলে স্লোগান দেন।
এক দফা দাবিতে বাংলা ব্লকেড কর্মসূচি পালন করছে সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) শিক্ষার্থীরা। বেলা ১২টা থেকে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করার পর বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে সিলেট-সুনামগঞ্জ মহাসড়ক অবরোধ করে বাংলা ব্লকেড কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা। এসময় বৃষ্টি এলে ছাতাসহ বা ছাতা ছাড়াই কর্মসূচি পালন করতে দেখা যায় শিক্ষার্থীদের।
কোটা বাতিলের দাবিতে টাঙ্গাইলে সড়ক অবরোধ করে আন্দোলন করছেন টাঙ্গাইলের মওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। দুপুর সাড়ে ১২টার দিকে টাঙ্গাইল-নাগরপুর-আরিচা আঞ্চলিক সড়কের কাগমারী মোড় সড়ক অবরোধ করে আন্দোলন করছেন শিক্ষার্থীরা।
সরকারি চাকরিতে মুক্তিযোদ্ধা কোটা বাতিলের সিদ্ধান্ত অবৈধ ঘোষণা করে কোটা পুনর্বহালের যে রায় হাইকোর্ট দিয়েছিল তার বিষয়বস্তুর ওপর চার সপ্তাহের স্থিতাবস্থা (স্ট্যাটাসকো) দিয়েছেন দেশের সর্বোচ্চ আদালত। সেই সাথে শিক্ষার্থীদের ক্লাসে ফিরে যেতে বলা হয়েছে।








