রাজধানীর তেজগাঁও কলেজ ছাত্রাবাসে দুই পক্ষের সংঘর্ষে সাকিবুল হাসান রানা নামে এক শিক্ষার্থী নিহতের প্রতিবাদে ফার্মগেটে সড়ক অবরোধ করেছে সতীর্থরা।
আজ বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে এ কর্মসূচি শুরু হয়। এতে আশপাশের সড়ক দিয়ে যান চলাচল বন্ধ হয়ে যায়।
সরেজমিনে দেখা যায়, ফার্মগেট এলাকার সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখাচ্ছেন কয়েক’শ শিক্ষার্থী। এ ঘটনায় সংশ্লিষ্ট সড়কগুলোয় যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে সড়কে তীব্র যানজট তৈরি হয়। যানজটে ভোগান্তি পোহাচ্ছেন যাত্রীরা।
সতীর্থরা জানান, কয়েকদিন আগে ছাত্র নামধারী কয়েকজন হামলা চালালে ৩/৪ জন আহত হয়। তাদের মধ্যে সাকিব নামে একজন চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে।
পুলিশের তেজগাঁও বিভাগের উপকমিশনার ইবনে মিজান বলেন, গত শনিবার তেজগাঁও কলেজ ছাত্রাবাসে দু’পক্ষের মধ্যে মারামারি হয়। এতে কয়কজন আহত হন। তাদের মধ্যে একজন চিকিৎসাধীন অবস্থায় গতকাল বুধবার রাতে মারা যান।
এই ঘটনায় মামলা হয়েছে উল্লেখ করে তিনি বলেন, আমরা তদন্ত করছি।








