মোরেলগঞ্জে হেফজ বিভাগের এক ছাত্রকে মারধরের অভিযোগে শিক্ষকের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। আহত ছাত্র জিহাদ শেখ (১৪) বর্তমানে চিকিৎসাধীন রয়েছে।
সোমবার ২৩ ফেব্রুয়ারি দুপুরে জিহাদের জবানবন্দি রেকর্ডের জন্য তাকে বাগেরহাট আদালতে পাঠানো হয়েছে বলে বিষয়টি নিশ্চিত করেছেন মোরেলগঞ্জ থানার অফিসার ইনর্চাজ (ওসি) মো. মাহমুদুর রহমান।
পুলিশ ও পরিবার সূত্রে জানা যায়, গত শুক্রবার সকাল ১০টার দিকে জিলবুনিয়া কামিল মাদরাসার হেফজখানার আবাসিক কক্ষে দরজা বন্ধ করে জিহাদকে মারধর করেন আবাসিক শিক্ষক আব্দুল্লাহ তালুকদার। জিহাদ মোংলা উপজেলার দক্ষিণ চিলা গ্রামের দিনমজুর মো. জাফর শেখের ছেলে।
আহত জিহাদের বাবা জানান, শুক্রবার বিকেলে গুরুতর আহত অবস্থায় ছেলে বাড়িতে গেলে তাকে দ্রুত মোংলা হাসপাতালে ভর্তি করা হয়। শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হলে রবিবার তারা উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দায়ের করেন। এ ঘটনায় মোরেলগঞ্জ থানায় মামলা হয়েছে।
অভিযুক্ত শিক্ষক আব্দুল্লাহ তালুকদারের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি ঘটনার সত্যতা স্বীকার করে দাবি করেন, জিহাদ আমাকে মারার উদ্দেশ্যে খাবারের সঙ্গে কীটনাশক মিশিয়েছিল। তাই তাকে শাসন করা হয়েছে। পুলিশ জানিয়েছে, অভিযোগের বিষয়টি গুরুত্বসহ তদন্ত করা হচ্ছে।


