জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীমের সৌজন্য সাক্ষাত অনুষ্ঠিত হবে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী হয়ে সরকার গঠন করতে যাওয়ার আগে বিভিন্ন দলের শীর্ষ নেতাদের সঙ্গে সাক্ষাত করছেন তারেক রহমান।
ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় প্রচার ও দাওয়াহ সম্পাদক শেখ ফজলুল করীম মারুফ গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।
শেখ ফজলুল করীম মারুফ জানান, আজ ১৬ ফেব্রুয়ারি (সোমবার) সন্ধ্যায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমান ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম, পীর সাহেব চরমোনাই এর সাথে সৌজন্য সাক্ষাত করবেন।
সাক্ষাতটি সন্ধ্যা ৭টায় অনুষ্ঠিত হবে এবং স্থান নির্ধারিত হয়েছে ৫৫/১ সিদ্ধেশ্বরী রোড, রমনা, ঢাকা ১২১৭। অনুষ্ঠানটি রুপায়ন স্বপ্ন নিলয়-এ অনুষ্ঠিত হবে।
সরকার গঠনের আগে তারেক রহমানের এই ধরনের ধারাবাহিক সৌজন্য সাক্ষাৎগুলো রাজনৈতিক অঙ্গনে নতুন সৌহাদ্যের সংস্কৃতির বার্তা দিচ্ছে। এর আগে রোববার (১৫ ফেব্রুয়ারি) তিনি বাংলাদেশ জামায়াতে ইসলামির আমির শফিকুল রহমান এবং জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম-এর সঙ্গে দেখা করেছেন।


