বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জন্য বাংলাদেশ টেলিভিশনে (বিটিভি) নির্বাচনী ভাষণ প্রচারের ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। আগামী ৯ ফেব্রুয়ারি বিটিভিতে নির্বাচনী ভাষণ দেবেন তারেক রহমান। নির্বাচনে অংশ নেওয়া সকল রাজনৈতিক দলের জন্য এ সুযোগ থাকলেও এখন পর্যন্ত কেবল বিএনপির পক্ষ থেকেই আবেদন করা হয়েছে।
তারেক রহমানের ভাষণ সম্প্রচারের লক্ষ্যে মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) বিটিভির মহাপরিচালকের কাছে এ বিষয়ে একটি চিঠি পাঠানো হয়েছে। চিঠিতে স্বাক্ষর করেছেন ইসির জনসংযোগ পরিচালক মো. রুহুল আমিন মল্লিক।
চিঠিতে বলা হয়েছে, সুষ্ঠু, অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের জন্য অনুকূল নির্বাচনী পরিবেশ সৃষ্টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। সে ক্ষেত্রে রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম বাংলাদেশ টেলিভিশনে সব প্রার্থী ও রাজনৈতিক দলের জন্য সমান সুযোগ নিশ্চিত করা নির্বাচনী পরিবেশ গঠনে সহায়ক ভূমিকা রাখতে পারে। এ উদ্দেশ্যে দলীয় প্রধানদের নির্বাচনী প্রচারের জন্য বিটিভিতে নির্দিষ্ট সময় বরাদ্দের নির্দেশনা দিয়েছে কমিশন।
এতে আরও বলা হয়েছে, জাতীয় সংসদ নির্বাচন আচরণ বিধিমালা, ২০২৫-এর বিধি ৬-এর উপবিধি (গ) অনুযায়ী লিখিত আবেদন প্রাপ্তির ক্রমানুসারে স্লট নির্ধারণ করতে হবে। পাশাপাশি প্রতিটি রাজনৈতিক দলের প্রধানের জন্য স্লট বরাদ্দ ও তার মেয়াদ নির্ধারণের দায়িত্ব বিটিভিকে দেওয়া হয়েছে। প্রচারণার রেকর্ডিংয়ের তারিখ ও সময় সংশ্লিষ্ট দলের সঙ্গে আলোচনা করে নির্ধারণ করার কথাও চিঠিতে উল্লেখ রয়েছে।
এ ছাড়া বিধি ৬-এর উপবিধি (ঙ) অনুযায়ী, বিএনপি ছাড়া অন্য কোনো রাজনৈতিক দলের পক্ষ থেকে আবেদন না পাওয়ায় তাদের চাহিদা অনুযায়ী আগামী ৯ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে শেষ স্লটে তারেক রহমানকে বক্তব্য প্রদানের সুযোগ দেওয়ার জন্য বিটিভির মহাপরিচালকের কাছে অনুরোধ জানিয়েছে নির্বাচন কমিশন।








