হামজা চৌধুরী বাংলাদেশ দলে যোগ দেয়ায় আবহ পুরোপুরি পাল্টে গেছে। বাংলাদেশ দলের খেলোয়াড়দের মধ্যে একধরনের বাড়তি আমেজ কাজ করছে। সকালে ভারতের পথে রওনা হওয়ার আগে তেমন বার্তাই দিয়ে গেলেন লাল-সবুজের প্রতিনিধিরা।
বিমানবন্দরে গণমাধ্যমে কথা বলেছেন অভিজ্ঞ দুজন, মিডফিল্ডার সোহেল রানা ও তপু বর্মণ। হামজার দলে যোগ দেয়া নিয়ে সোহেল বলেছেন, ‘হামজা নতুন করে দলের সাথে যোগ দেয়ায় দলে বাড়তি এটা অনুপ্রেরণা কাজ করছে। মনে করি, আমরা ভালো একটা ফলাফল করতে পারব। হামজা খুব তাড়াতাড়ি আমাদের সাথে মানিয়ে নিতে পেরেছে, মনে হচ্ছে যেন ও আমাদের সাথে অনেকদিন ধরেই খেলছে।’
‘আমাদের লক্ষ্য জয় দিয়ে যেন শুরু করতে পারি। হামজাকে আমরা দেশীয় যে খেলোয়াড়েরা আছি, তারা জয় উপহার দিতে চাই। হামজা বাংলাদেশে আসছে, এটা ফুটবলের জন্য খুবই ইতিবাচক একটি ব্যাপার। হামজা আসার পর দেশের ফুটবলে যে নতুন গণজাগরণ সৃষ্টি হয়েছে, সেটা ফুটবলের ভবিষ্যতের জন্য ভালো।’
ডিফেন্ডার তপু বর্মণও বলেছেন হামজার অন্তর্ভুক্তি নিয়ে। বলেছেন, ‘হামজা আমাদের সাথে আনুষ্ঠানিকভাবে অনুশীলনে অংশগ্রহণ করেছিল। সে লিগে খেলার মধ্যে আছে, নিয়মিত খেলছে। তার ফিটনেস নিয়ে কোনো সন্দেহ করার সুযোগ নেই, ওয়ার্ল্ডক্লাস ফিটনেস।’
‘আমাদের প্রস্তুতি বলেন, মানসিক অবস্থা বা চিন্তাধারা আগের থেকে পুরোপুরি ভিন্ন। আমাদের চিন্তাভাবনা এখন শুধুই জেতার।’
ইংলিশ প্রিমিয়ার লিগে খেলার অভিজ্ঞতাসম্পন্ন হামজা প্রথমবারের মতো বাংলাদেশ জাতীয় ফুটবল দলে ডাক পেয়েছেন। আগামী ২৫ মার্চ ভারতের বিপক্ষে এশিয়ান কাপ বাছাইপর্বের ম্যাচ দিয়ে তার অভিষেক হতে চলেছে। খেলা হবে শিলংয়ে।








