পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে প্রথমটিতে বড় জয়ের পর দ্বিতীয় ম্যাচে ছন্দ হারায় বাংলাদেশ। দাপুটে জয়ে সিরিজে সমতা ফেরায় সফরকারীরা। তৃতীয় ও শেষ ম্যাচে ব্যাটে আলো ছড়িয়েছেন তানজিদ হাসান তামিম। টাইগার ওপেনারের ক্যারিয়ারের প্রথম ওয়ানডে ও আন্তর্জাতিক সেঞ্চুরিতে সফকারীদের ২৯১ রানের লক্ষ্য দিয়েছে মেহেদী হাসান মিরাজের দল।
মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে গড়ানো ম্যাচটি সরাসরি দেখাচ্ছে ডিজিটাল প্লাটফর্ম আইস্ক্রিন ও ধারাভাষ্য শোনা যাচ্ছে রেডিও ভূমিতে।
তৃতীয় ওয়ানডেতে টসে জিতে স্বাগতিকদের আগে ব্যাটে পাঠায় পাকিস্তান। নির্ধারিত ৫০ ওভার শেষে ৫ উইকেটে ২৯০ রানের সংগ্রহ গড়েছে বাংলাদেশ।
উদ্বোধনীতে বাংলাদেশকে ভালো শুরু এনে দেন তানজিদ তামিম ও সাইফ হাসান। ১০৫ রান তোলেন দুজনে। ১৮.১ ওভারে সাইফ আউট হলে জুটি ভাঙে। ৩ চারে ৫৫ বলে ৩৬ রান করেন সাইফ। দ্বিতীয় উইকেটে নাজমুল হোসেন শান্ত ও তানজিদ মিলে যোগ করেন ৫৩ রান। শান্ত ৩ চারে ৩৪ বলে ২৭ রানে আউট হন।
তৃতীয় উইকেটে লিটন দাসকে নিয়ে আরও ৪৬ রান তোলেন তানজিদ। পূর্ণ করেন ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি। ৩৩তম ওভারের শেষ বলে সালমান আলি আগার বলে ছক্কা হাঁকিয়ে সেঞ্চুরিতে পৌঁছান। ৯৮ বলে সেঞ্চুরি ছোঁয়া ইনিংসে ছিল ৬টি চার ও ৭ ছক্কার মার। এর আগে ওয়ানডেতে ২৯ ইনিংসে সর্বোচ্চ ইনিংসটি ৮৪ রানের ছিল তানজিদের।
৩৬.২ ওভারে ১৯৪ রানে তৃতীয় উইকেট হারায় বাংলাদেশ। তানজিদ ফিরে যান ১০৭ বলে ১০৭ রান করে।
চতুর্থ উইকেটে লিটন দাস ও তাওহীদ হৃদয় মিলে যোগ করেন ৬৮ রান। লিটন আউট হন ৫১ বলে ৪১ রানে। এরপর এসেই আউট হন রিশাদ, খালি হাতে ফেরেন। পরে হৃদয় ও আফিফ হোসেন ইনিংস শেষ করেন। হৃদয় ৪৪ বলে ৪৮ রানে এবং আফিফ ৫ রানে অপরাজিত থাকেন।
পাকিস্তানের হয়ে হারিস রউফ ৩ উইকেট নেন। শাহিন শাহ আফ্রিদি ও আবরার আহমেদ নেন একটি করে উইকেট।








