অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি জনপ্রিয় তামিল অভিনেতা বিশাল। জানা গেছে, হঠাৎ করেই মঞ্চে পড়ে গিয়ে অজ্ঞান হয়ে যান এই তারকা। এরপরই তাকে হাসপাতালে ভর্তি করা হয়। তবে বর্তমানে তিনি ভালো আছেন।
ভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, তামিলনাড়ুর ভিল্লুপুরমে একটি অনুষ্ঠানে অংশগ্রহণ করেন বিশাল। তবে হতবাক করা ঘটনা যে, তিনি মঞ্চেই অসুস্থ হয়ে পড়ে যান এবং অজ্ঞান হয়ে যান। তবে সৌভাগ্যবশত তাকে দ্রুতই কাছাকাছি একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
তামিল মাস উৎসবের অংশ হিসেবে রবিবার রাতে ট্রান্সজেন্ডার সম্প্রদায়ের জন্য, মিস কুভাগাম ২০২৫ নামে একটি সৌন্দর্য প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল। অনুষ্ঠানে বিশাল ছাড়াও আরো উপস্থিত ছিলেন প্রাক্তন মন্ত্রী কে. পোনমুদি।
এ ঘটনায় অভিনেতার স্বাস্থ্য নিয়ে উদ্বেগ সৃষ্টি হয়েছে ভক্তদের মনে। কারণ এই বছরের জানুয়ারিতে ডেঙ্গু থেকে সেরে উঠলেও ভাইরাল জ্বরে বেশ ভুগেছেন তিনি। এবার মঞ্চে এভাবে অসুস্থ হয়ে পড়া বেশ চিন্তার ভাঁজ ফেলছে বিশালের অনুরাগীদের মনে।
অভিনেতার ম্যানেজার হরি কৃষ্ণান জানান, বিশাল বেশ কিছুদিন ধরে জ্বর ও অতিরিক্ত ক্লান্তিতে ভুগছিলেন। তার ব্যস্ত সময়সূচি এবং খাবার না খাওয়ার কারণে তার শারীরিক অবস্থা আরো খারাপ হয়ে পড়ে। তবে বর্তমানে এই অভিনেতার অবস্থা স্থিতিশীল এবং তিনি ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন। বিশালকে সর্বশেষ দেখা গেছে ‘মাধা গজ রাজা’ চলচ্চিত্রে।








