পাঞ্জাবি পরিবারের মেয়ে বলিউড অভিনেত্রী কারিনা কাপুর খান। বিয়ে করছেন নবাব পরিবারের সাইফ আলি খানকে। কিন্তু কারিনা যখন অভিনেতা সাইফ আলি খানকে বিয়ে করেন সেই সময় অভিনেত্রী ধর্মান্তরিত হয়েছেন কি না, তা নিয়ে বিস্তর জল্পনা রয়েছে।
যদিও কারিনা বরাবরই জানিয়েছেন, তাদের পরিবারে এসব বিষয়ে বিশেষ মাথা ঘামানো হয় না। তবে সম্প্রতি পতৌদি পরিবারের অন্দরের কথা প্রকাশ্যে আনলেন তৈমুরের ন্যানি (শিশু পরিচর্যাকারিণী) ললিতা ডিসিলভা।
সম্প্রতি ললিতা এক পডকাস্ট শোয়ে কারিনার ভূয়সী প্রশংসা করেন। মা হিসেবে কারিনা কতটা নিয়মানুবর্তী, সেটা জানান। তার দুই ছেলে তৈমুর ও জেহ্কে গভীর মূল্যবোধের মধ্যে দিয়ে বড় করে তুলছেন বলেও জানান ললিতা।
ললিতা বলেন, ‘‘অসাধারণ মা কারিনা, তিনি খুবই নিয়মানুবর্তিতার মধ্যে দিয়ে চলেন, সাইফও সন্তানদের অনেকটা সময় দেন। খুব সুন্দর ভাবে দুই সন্তানকে বড় করছেন তারা। তবে তাদের ঘরে কোন ধর্ম মেনে চলা হয় কিংবা কারিনা কোন ধর্মের শিক্ষা দিয়ে সন্তানদের বড় করছেন এ দিয়ে প্রশ্ন থেকেই যায়।
এর উত্তরে ললিতা জানান, কারিনা তার মা ববিতার মতো খ্রিস্ট ধর্ম মেনে চলেন। দুই ছেলেকে স্তব করার পাঠ দিয়েছেন তিনি। আমাদের বলতেন দুই ছেলের সামনে ‘এক ওঙ্কার’ (বৈদিক পূরাণ মতে ‘ওঙ্কার’ মানে সকল ধ্বনির মূল, সেই আদি ও অকৃত্রিম ধ্বনি) এর মতো জপ করতে।’’
তবে কারিনা যে খ্রিস্ট ধর্মের প্রতি বিশেষভাবে আকৃষ্ট সেটা ‘কফি উইথ করণ’ এর সাম্প্রতিক সিজনে নিজেই জানিয়েছিলেন। পাশপাশি এও জানিয়েছিলেন, তাকে দেখে তৈমুরও সেই দিকেই আকৃষ্ট হচ্ছে। খ্রিস্ট ধর্ম নিয়ে সেও বেশ উৎসুক।- বলিউড লাইফ








