টানা দ্বিতীয়বার মেয়েদের সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠেছে বাংলাদেশ। গতবারের মতো এবারও টিম টাইগ্রেসের প্রতিপক্ষ নেপাল। খেলা হবে নেপালের মাঠ দশরথ রঙ্গশালা স্টেডিয়ামে। তার আগে দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন লাল-সবুজদের ফরোয়ার্ড ও সেমিফাইনারে হ্যাটট্রিক করা তহুরা খাতুন।
সামাজিক যোগাযোগ মাধ্যমে তহুরা খাতুন লিখেছেন, ‘দোয়া করবেন আমাদের জন্য। তাদের চুপ করিয়ে দিতে, শেষ বাঁশি বাজা পর্যন্ত লড়াই করব আমরা ইনশাআল্লাহ।’
বাংলাদেশ দলের মধ্যমাঠের ভরসা মণিকা চাকমা। ফাইনালের আগেরদিন দেশবাসীকে পাশে চেয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি লিখেছেন, ‘আপনাদের মনে আছে তো সেই সোনালী দিনের কথা। সোনালী ট্রফিটা ছোয়ার আরও একবার সময় এসেছে, আগামীকাল মাঠে আমরা আমাদের সেরাটাই দেওয়ার চেষ্টা করবো। আমরা যেন সেই সোনালী ট্রফিটা নিয়ে আবার দেশে ফিরতে পারি। আপনারা আমাদের জন্য আশীর্বাদ করুন।’
দোয়া চেয়েছেন আরেক ফরোয়ার্ড শামসুন্নাহার সিনিয়র, ‘দেশে ও প্রবাসে অবস্থানরত আপনাদের সকলের কাছে দোয়া চাই। আমরা ফাইনাল ম্যাচে আমাদের সর্বোচ্চ, সেরাটা দিয়ে ফুটবল খেলার চেষ্টা করব, ইনশাআল্লাহ।’
কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে বুধবার মুকুট ধরে রাখার অভিযানে স্বাগতিক নেপালের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। দশরথ রঙ্গশালায় ২০২২ মেয়েদের সাফ জেতার আগে ১৯৯৯ সালে সাফ গেমস ফুটবলে স্বর্ণ জিতেছিল বাংলাদেশ। ২০ হাজার দর্শক ধারণক্ষমতার সেই মাঠে বাংলাদেশ সময় সন্ধ্যা পৌনে ৭টায় শুরু হবে ম্যাচ।








