অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচের প্রথম ওভারে তৃতীয় বলে বোল্ড হন রানের খাতা না খোলা তানজিদ হাসান তামিম। ব্যাটের নিচের অংশে লেগে স্টাম্পে আঘাতের সঙ্গে সঙ্গে ইতিহাস গড়েন বোলার মিচেল স্টার্ক। ওয়ানডে ও টি-টুয়েন্টি বিশ্বকাপ মিলিয়ে অজি পেসার এখন সর্বাধিক উইকেট শিকারি।
স্টার্ক ওয়ানডে বিশ্বকাপে ৬৫ ও টি-টুয়েন্টি বিশ্বকাপে ৩০ উইকেট নিয়েছেন। দুই ফরম্যাটের বিশ্বকাপ মিলিয়ে তার উইকেট সংখ্যা এখন ৯৫। লঙ্কানদের সাবেক পেসার লাসিথ মালিঙ্গাকে টপকে তিনি এ কীর্তি গড়েন। মালিঙ্গা ওয়ানডে (৫৬) ও টি-টুয়েন্টি (৩৮) বিশ্বআসরে মোট ৯৪ উইকেটের মালিক।
তিনে রয়েছেন বাংলাদেশের অলরাউন্ডার সাকিব আল হাসান। মি. অলরাউন্ডার ওয়ানডে ও টি-টুয়েন্টি বিশ্বকাপে যথাক্রমে ৪৩ এবং ৪৯ উইকেট দখল করেছেন। টাইগার তারকার ঝুলিতে আছে মোট ৯২ উইকেট।
শুধুমাত্র টি-টুয়েন্টি বিশ্বকাপে সর্বাধিক উইকেট শিকারির তালিকার ধরাছোঁয়ার বাইরে সাকিব। নয় আসরের সবকটিতে খেলা তারকার পকেটে আছে ৪৯ উইকেট। আর এক উইকেটের দেখা পেলেই ইতিহাসের প্রথম খেলোয়াড় হিসেবে সংক্ষিপ্ত ফরম্যাটের বিশ্বআসরে ৫০ উইকেটের মাইলফলকে পা দেবেন। দুইয়ে আছেন পাকিস্তানের সাবেক অলরাউন্ডার শহীদ আফ্রিদি, ৩৯ উইকেট। ৩৮ উইকেট নিয়ে তৃতীয় স্থানে অবসরে যাওয়া মালিঙ্গা।
ওয়ানডে ফরম্যাটে ৬৫ উইকেট নিয়ে স্টার্কের অবস্থান তিন নম্বরে। শীর্ষে থাকা কিংবদন্তি অজি পেসার গ্লেন ম্যাকগ্রার ঝুলিতে ৭১ উইকেট। দুইয়ে থাকা মুত্তিয়া মুরালিধরনের নামের পাশে ৬৮ উইকেট।








