গলফ খেলার সময় হাতে আঘাত পাওয়া অস্ট্রেলিয়ার উইকেটরক্ষক-ব্যাটার জশ ইংলিশ বিশ্বকাপ দল থেকে ছিটকে গেছেন। পরিবর্তে ক্যামেরন গ্রিনকে ডেকে নিয়েছে বর্তমান চ্যাম্পিয়নরা।
গ্রিন দলে আসায় একাদশে ম্যাথু ওয়েডের সব ম্যাচেই থাকা নিশ্চিত হল। কারণ স্কোয়াডে তার ব্যাকআপ উইকেটরক্ষক থাকল না। চোটে না পড়লে ওয়েড স্বাগতিকদের হয়ে সব ম্যাচেই খেলবেন।
বুধবার অস্ট্রেলিয়ার স্থানীয় সময় বিকেলে একটি গলফ ক্লাবে খেলার সময় আঘাত পান ইংলিশ। তাকে হাসপাতালেও নিতে হয়।
এর আগে ইংল্যান্ডের উইকেটরক্ষক-ব্যাটার জনি বেয়ারস্টো গলফ খেলতে গিয়ে গুরুতর চোটে পড়েন। লম্বা সময়ের জন্য মাঠের বাইরে চলে যাওয়ায় এবারের টি-টুয়েন্টি বিশ্বকাপে খেলা হচ্ছে না তার।








