ব্যাংকক থেকে ভারতের মুম্বাইমুখী ইন্ডিগো এয়ারলাইন্সের একটি ফ্লাইটে মদ্যপ অবস্থায় কেবিন কর্মীকে উত্ত্যক্ত করার অভিযোগে এক সুইডিশ নাগরিককে গ্রেপ্তার করা হয়েছে।
ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি জানিয়েছে, গত বৃহস্পতিবার ফ্লাইটটি মুম্বাই বিমানবন্দরে অবতরণ করার সময় ক্লাস এরিক হ্যারাল্ড জোনাস ওয়েস্টবার্গক নামক ৬৩ বছর বয়সী একজন সুইডিশ নাগরিককে কেবিন কর্মীর সাথে আপত্তিকর ব্যবহার করার অভিযোগে পুলিশের কাছে হস্তান্তর করেছে এয়ারলাইন্স কর্তৃপক্ষ।
জানা গেছে, খাবার পরিবেশন করার সময় অভিযুক্ত যাত্রী ২৪ বছর বয়সী কেবিন ক্রুর সাথে আপত্তিকর ব্যবহার করতে শুরু করেন এবং ফ্লাইট অবতরণ না হওয়া পর্যন্ত তিনি এমন আচরণ করতে থাকেন। এক পর্যায়ে কেবিন ক্রু ক্যাপ্টেনকে জানিয়ে ওয়েস্টবার্গকে রেড-নোটিশ পড়ে শোনান।
ঘটনাটি বর্ণনা করে কেবিন ক্রু বলেন, “সমস্যা শুরু হয় যখন আমি তাকে জানিয়েছিলাম যে, জাহাজে কোনও সামুদ্রিক খাবার নেই তখন থেকে। এর বদলে আমি তাকে মুরগি পরিবেশন করি এবং পেমেন্ট করার জন্য তার এটিএম কার্ড চাই। কার্ড সোয়াইপ করার অজুহাতে যাত্রী আমার হাত ধরে। আমি মেশিনটি পিছনে টেনে ধরে তাকে কার্ডের পিন লিখতে বলি। এরপর সে সীমা অতিক্রম করে অন্য সব যাত্রীদের সামনেই আমার সাথে আপত্তিকর ব্যবহার করতে থাকে। এক পর্যায়ে আমি চিৎকার করি। এরপর সে তার সিটে ফিরে যায়।”
অভিযুক্তের আইনজীবী বলেন, “তিনি স্বাস্থ্য সমস্যায় ভুগছেন এবং তার শরীরে কম্পন আছে তাই তিনি সাহায্য ছাড়া কিছু ধরে রাখতে পারেন না। কেবিন ক্রুকে স্পর্শ করার সময় তিনি পেমেন্ট কার্ড মেশিনটি ধরে রাখার চেষ্টা করছিলেন। তিনি ইচ্ছাকৃতভাবে তাকে স্পর্শ করেননি।”
ভারতের বিমান কর্মকর্তাদের মতে, গত তিন মাসে এই নিয়ে ভারতে এটি অষ্টম অনিয়ন্ত্রিত এয়ারলাইন্স যাত্রী গ্রেপ্তার হওয়ার ঘটনা।








