ইংলিশ প্রিমিয়ার লিগ থেকে চ্যাম্পিয়নশিপ লিগে অবনমিত হয়েছে হামজা চৌধুরীর মূল দল লেস্টার সিটি। ধারে খেলা শেফিল্ড ইউনাইটেডের হয়ে প্রিমিয়ার লিগে খেলার সুযোগ ছিল। তবে চ্যাম্পিয়নশিপের প্লে-অফ ফাইনালে সাদারল্যান্ডের কাছে ২-১ গোলে হেরে গেছে শেফিল্ড। তাতে চ্যাম্পিয়নশিপেই থাকতে হচ্ছে ক্লাবটির। হামজাদের হারিয়ে আট মৌসুম পর প্রিমিয়ার লিগে উঠেছে সাদারল্যান্ড।
২৪ দলের চ্যাম্পিয়নশিপ লিগ থেকে আগেই চ্যাম্পিয়ন হয়ে লিড ইউনাইটেড এবং রানার্সআপ হয়ে বার্নলি সরাসরি প্রিমিয়ার লিগে খেলার যোগ্যতা অর্জন করে। এবার তাদের সঙ্গী হল সাদারল্যান্ড।
ওয়েম্বলিতে আক্রমণাত্মক ফুটবলে সাদারল্যান্ডকে ভীষণ চাপে রেখে প্রথমার্ধে এগিয়ে যায় শেফিল্ড ইউনাইটেড। দ্বিতীয়ার্ধেও অনেকটা সময় হামজা চৌধুরীরা লিড ধরে রাখেন। তবে শেষ দিকে দারুণভবে ঘুরে দাঁড়িয়ে শেফিল্ডকে হারায় ক্লাবটি।
২৫ মিনিটে টাইরিস ক্যাম্পবেলের গোলে এগিয়ে যায় শেফিল্ড। ৭৫ মিনিট পর্যন্ত এগিয়ে থাকে তারা। ৭৬ মিনিটে সাদারল্যান্ডকে সমতায় ফেরান এলিজার মায়েন্দা। এরপর যোগ করা সময়ের পঞ্চম মিনিটে গোল করে হামজাদের হৃদয় ভেঙে দেন টাইরিস ক্যাম্পবেল।








