আজ সকাল থেকেই রাজধানী ঢাকার আবহাওয়ায় একটি অস্বাভাবিক পরিবর্তন লক্ষ্য করা যায়। সকাল থেকে আকাশ ছিল হালকা মেঘলা, তবে বেলা বাড়ার সাথে সাথে ঝড় ও বৃষ্টি শুরু হয়।
আজ (২০ মার্চ) শুক্রবার সকাল ১০টা ৪০ মিনিটের দিকে আকাশ মেঘলা হয়ে ঝড়ো বাতাস শুরু হয়, যা কিছুক্ষণের মধ্যে ঝড়ো বৃষ্টিতে রূপ নেয়। এসময় শহরের বিভিন্ন এলাকায় ধূলিঝড়ের খবর পাওয়া যায় এবং বজ্রপাতসহ বিদ্যুৎ চমকানোর ঘটনা ঘটে।
আবহাওয়া অধিদপ্তর জানায়, লঘুচাপের বর্ধিতাংশ বর্তমানে পশ্চিমবঙ্গ ও তার কাছাকাছি এলাকায় অবস্থান করছে, এবং মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে সক্রিয় রয়েছে। এই দুই মৌসুমী অবস্থানের প্রভাবে আগামী ২৪ ঘণ্টায় রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ এবং সিলেট বিভাগের কিছু জায়গায় এবং খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়ার সঙ্গে বজ্রসহ বৃষ্টি হতে পারে।
এছাড়া, দেশের কিছু অঞ্চলে বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে পূর্বাভাসে জানানো হয়েছে। সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে, তবে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।








