ভোট প্রদান করতে এসেছিলেন বাংলাদেশের চলচ্চিত্রের ‘তিন কন্যা’ খ্যাত সুচন্দা, ববিতা ও চম্পা। তারা তিন বোন মিলে গুলশান মডেল হাইস্কুল কেন্দ্রে ভোট দিয়েছেন।
ভোট প্রদান শেষে ববিতা বলেন, দীর্ঘদিন ভোট দিতে পারিনি। এতদিন পর ভোট দিয়ে কী যে ভালো লাগছে বলে বোঝাতে পারবো না।
“শিল্পী হিসেবে বলবো, যারা আসবেন তারা যেন সিনেমার উন্নতিতে কিছু করেন। যারা ক্ষমতায় আসবে দেশটা সুন্দরভাবে এগিয়ে নিক। আমরা দেশের সব মানুষ শান্তিতে যেন থাকি, দুর্নীতি যেন দেশে না থাকে। শিল্পীরা যেন নিরাপদে ও নির্বিঘ্নে শিল্পচর্চা করে যেতে পারে—এটাই চাই।” বলেন ববিতা।
সুচন্দা বলেন, আমার ছেলে ঢাকা-১৭ আসনে সাইকেল প্রতীকে প্রার্থী। ও নির্বাচনে দাঁড়িয়েছে এতে অনেক ভালো লাগছে। সন্তানের নির্বাচন এবং ববিতার একুশে পদক এই দুই মিলে আমাদের পরিবারের আনন্দের বন্যা বয়ে যাচ্ছে।
শিবলি সাদিক পরিচালিত বহুল আলোচিত বাংলা সিনেমা ‘তিন কন্যা’। এই চলচ্চিত্রে এক পুলিশ অফিসারের তিন মেয়ের চরিত্রে অভিনয় করেন নায়িকা সুচন্দা, ববিতা ও চম্পা। বাস্তব জীবনেও তারা তিন বোন। এটি চম্পা অভিনীত প্রথম সিনেমা।


