সরকারি চাকরিতে কোটা পদ্ধতি বাতিলের দাবিতে বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) ও বিএম কলেজের শিক্ষার্থীরা ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন।
রোববার ৭ জুলাই দুপুর ১২টা থেকে বরিশাল বিশ্ববিদ্যালয় ও সরকারি বিএম কলেজ শিক্ষার্থীরা পৃথকভাবে বরিশাল-ঢাকা মহাসড়কের রুপাতলী ও নথুল্লাবাদ এলাকা অবরোধ করে রাখেন।
এসময় দুই পাশে শতশত যানবাহন আটকে ভোগান্তিতে পড়েন যাত্রীরা। এর আগে শিক্ষার্থীরা বরিশাল বিশ্ববিদ্যালয়ের গেটে পঞ্চম দিনের মত বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেন।
এসময় ক্ষুব্ধ শিক্ষার্থীরা প্রতিবন্ধী ও অনগ্রসর জাতিগোষ্ঠির কোটা বাদে, সব কোটা পদ্ধতি বাতিলের দাবি জানান। এছাড়া এই দুটি কোটা কোনো ব্যক্তির এক বারের বেশি ব্যবহার বন্ধের দাবি করেন শিক্ষার্থীরা।
বক্তারা বলেন, কোটা পদ্ধতির কারণে সাধারণ শিক্ষার্থীদের মধ্যে চাকরি প্রাপ্তির ক্ষেত্রে অভিশাপ। কোটা সুবিধায় বিশেষ কিছু ব্যক্তির সুবিধা হলেও সাধারণ শিক্ষার্থীরা যোগ্য চাকরি থেকে বঞ্চিত হযন। মেধাবীরা বেকার থাকলে দেশ পিছিয়ে যাবে। তাই অবিলম্বে দুটি কোটা বাদে সব কোটা পদ্ধতি বাতিল করতে হবে। নয়তো এ আন্দোলন অব্যাহত থাকবে বলে জানান শিক্ষার্থীরা।







