বাগেরহাটের চিতলমারী উপজেলায় বাড়িতে প্রবেশ করে আমির হামজা (২৩) নামের এক শিক্ষার্থীকে গুলি করে হত্যা করেছে সন্ত্রাসীরা।
বৃহস্পতিবার (২৬ মার্চ) বিকেলে উপজেলার শিবপুর গ্রামে এই ঘটনা ঘটে। পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করেছে।
নিহত আমির হামজা শিবপুর গ্রামের রুহুল আমিন মুন্সির ছেলে। তিনি খুলনা সরকারি সুন্দরবন কলেজের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন। পাশাপাশি তিনি পপুলার ডায়গনস্টিক সেন্টারে চাকরি করতেন।
পুলিশ ও স্বজনরা জানান, বিকেল চারটার দিকে বাড়ির উঠানে দাঁড়িয়ে বাবা ও চাচার সাথে কথা বলছিলেন আমির হামজা। এসময় তিনটি মোটরসাইকেলে ৬জন যুবক হেলমেট পরিহিত অবস্থায় বাড়িতে প্রবেশ করে পুলিশ পরিচয়ে আমির হামজাকে ধাওয়া দেয়। তখন আমির হামজা দৌঁড়ে পালাবার চেষ্টা করেন এবং খালের পাড়ে পড়ে যায়। এ সময় আমির হামজার মাথায় গুলি করে মৃত্যু নিশ্চিত করে সন্ত্রাসীরা পালিয়ে যায়।
বাগেরহাটের অতিরিক্ত পুলিশ সুপার মো. শামীম হোসেন এ তথ্য নিশ্চিত করে বলেন, পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। জেলা পুলিশের পাশাপাশি, সিআইডি, পিবিআই ও জেলা গোয়েন্দা পুলিশের সদস্যরা সন্ত্রাসীদের শনাক্তে কাজ শুরু করেছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বাগেরহাট ২৫০ শয্যা জেলা হাসপাতালে প্রেরণের প্রস্তুতি চলছে।








