সিলেটের দক্ষিণ সুরমা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আকস্মিক তদারকি করেছেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডা. এম এ মুহিত। তবে তিনি সশরীরে নয়, ঢাকার বাংলাদেশ সচিবালয় থেকে ভিডিও কলে যুক্ত হয়ে হাসপাতালের কার্যক্রম পর্যবেক্ষণ করেন।
আজ মঙ্গলবার দুপুর ১২টার দিকে এই তদারকি কার্যক্রম পরিচালনা করা হয়। ভিডিও কলে যুক্ত হয়ে প্রতিমন্ত্রী প্রথমে আউটডোরে চিকিৎসা নিতে আসা রোগীদের সঙ্গে কথা বলেন। সেবার মান ও সরকারি ওষুধ প্রাপ্তি নিয়ে তাঁদের মতামত নেন তিনি।
পরে দায়িত্বরত চিকিৎসকদের উপস্থিতি যাচাই করতে ভিডিও কলেই হাজিরা খাতা দেখতে চান প্রতিমন্ত্রী। খাতায় কারা স্বাক্ষর করেছেন এবং কে কর্মস্থলে উপস্থিত আছেন, তা খতিয়ে দেখেন তিনি।
চিকিৎসকদের উপস্থিতি ও রোগীদের সন্তুষ্টির কথা জেনে সংশ্লিষ্টদের প্রশংসা করেন প্রতিমন্ত্রী। তিনি বলেন, তারেক রহমান–এর নির্দেশনায় সবার জন্য চিকিৎসাসেবা নিশ্চিত করতে সরকার কাজ করছে। চিকিৎসকদের সেবামুখী মানসিকতা নিয়ে কাজ করারও আহ্বান জানান তিনি।
এর আগে সোমবার দুপুরে সিলেটের জকিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেও একইভাবে ভিডিও কলে তদারকি করেন প্রতিমন্ত্রী। সেখানে চারজন চিকিৎসকের মধ্যে একজন অনুপস্থিত থাকায় অসন্তোষ প্রকাশ করেন তিনি এবং বিষয়টি তদন্তের নির্দেশ দেন।
ভিডিও কলে জরুরি বিভাগের নার্স ও রোগীদের সঙ্গে কথা বলার সময় প্রতিমন্ত্রী বলেন, দুর্গম এলাকার মানুষের জন্য স্বাস্থ্যকর্মীরাই প্রধান ভরসা। তাঁদের কাজের স্বীকৃতি সরকার দেয় বলেও উল্লেখ করেন তিনি।
এ সময় তিনি সারা দেশে স্বাস্থ্যসেবা উন্নয়নে সরকারের পরিকল্পনার কথা তুলে ধরে বলেন, ধাপে ধাপে ‘হেলথ কার্ড’ চালুর মাধ্যমে স্বাস্থ্য খাতে বড় পরিবর্তন আনার উদ্যোগ নেওয়া হয়েছে।








