রাজধানীর স্টামফোর্ড বিশ্ববিদ্যালয় বাংলাদেশে সাংবাদিকতা ও গণমাধ্যম অধ্যয়ন বিভাগের সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের মিলনমেলায় পরিণত হয় ‘ইফতার ও দোয়া-২০২৬’ আয়োজন।
রমজানের পবিত্রতা ও পারস্পরিক বন্ধন দৃঢ় করার লক্ষ্যে বিভাগের অ্যালামনাই অ্যাসোসিয়েশন এই আয়োজন করে।
শুক্রবার (৬ মার্চ) সন্ধ্যায় রাজধানীর সিদ্ধেশ্বরী ক্যাম্পাসের অডিটোরিয়ামে অনুষ্ঠিত এই ইফতার মাহফিলে বিভাগের শিক্ষক, অ্যালামনাই সদস্য এবং বর্তমান শিক্ষার্থীরা অংশ নেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা ও গণমাধ্যম অধ্যয়ন বিভাগের চেয়ারম্যান এবং কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন কাজী আব্দুল মান্নান। এছাড়াও উপস্থিত ছিলেন বিভাগের সহযোগী অধ্যাপক মোশাররফ হোসেন, সহযোগী অধ্যাপক সামিয়া আসাদী এবং সহকারী অধ্যাপক তানিয়া সুলতানা।
অ্যালামনাই অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি আলী আফতাব ভূঁইয়া এবং সাধারণ সম্পাদক ইয়াসিন আরাফাতসহ সংগঠনের অন্যান্য সদস্য ও সাবেক শিক্ষার্থীরা।
অনুষ্ঠানে সংক্ষিপ্ত বক্তব্যে বিভাগের চেয়ারম্যান কাজী আব্দুল মান্নান বলেন, ‘শিক্ষক-শিক্ষার্থী ও অ্যালামনাইদের এই বন্ধনই একটি বিভাগের সবচেয়ে বড় শক্তি। সাংবাদিকতা একটি দায়িত্বশীল পেশা, আর এই বিভাগের শিক্ষার্থীরা দেশের গণমাধ্যমে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এমন আয়োজন সেই সম্পর্ককে আরও দৃঢ় করে।’
অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি আলী আফতাব ভূঁইয়া বলেন, ‘এই ইফতার আয়োজন শুধু আনুষ্ঠানিকতা নয়, এটি আমাদের সবার মিলিত হওয়ার একটি উপলক্ষ। সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের মধ্যে সম্পর্ক জোরদার করা এবং একে অপরের পাশে থাকার মানসিকতা তৈরিই আমাদের লক্ষ্য।’
তিনি আরও বলেন, ‘সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের মধ্যে সম্পর্ক আরও সুদৃঢ় করতে আমরা বিভিন্ন আয়োজন করার চেষ্টা করছি। এর অংশ হিসেবে আসন্ন রোজার ঈদের পর একটি ডে-লং পিকনিক আয়োজনের পরিকল্পনা রয়েছে। খুব দ্রুত এ বিষয়ে সবাইকে বিস্তারিত জানানো হবে।’
সাধারণ সম্পাদক ইয়াসিন আরাফাত বলেন, ‘বিভাগের অ্যালামনাই নেটওয়ার্ককে আরও সক্রিয় করতে আমরা নিয়মিত বিভিন্ন উদ্যোগ নেওয়ার চেষ্টা করছি। ইফতার আয়োজনটি তারই অংশ। এর মাধ্যমে সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের মধ্যে পরিচয় ও যোগাযোগের একটি সুন্দর পরিবেশ তৈরি হয়। এর মাধ্যমে সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের মধ্যে পরিচয়, যোগাযোগ ও পারস্পরিক সম্পর্ক আরও দৃঢ় হয়। আমরা চাই, বিভাগের সবাই একে অপরের সঙ্গে যুক্ত থাকুক এবং পেশাগত ও ব্যক্তিগত বিভিন্ন ক্ষেত্রে একে অপরকে সহযোগিতা করুক।’
সাংগঠনিক সম্পাদক ইশতিয়াক ইমন বলেন, ‘প্রতিবছর রমজান মাসে এই আয়োজন করতে পারা আমাদের জন্য আনন্দের বিষয়। ভবিষ্যতে আরও বড় পরিসরে অ্যালামনাইদের সম্পৃক্ত করে বিভিন্ন কার্যক্রম পরিচালনার পরিকল্পনা রয়েছে।’
ইফতারের আগে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
প্রতিবছরের মতো এবারও ইফতার মাহফিলটি সাংবাদিকতা বিভাগের সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের এক প্রাণবন্ত মিলনমেলায় পরিণত হয়। অংশগ্রহণকারী শিক্ষার্থীরা জানান, রমজানের এই আয়োজন তাদের কাছে বিশেষ তাৎপর্যপূর্ণ। অনেকের মতে, এই দিনটি যেন ঈদের আগেই আরেকটি আনন্দঘন পুনর্মিলনী হয়ে ওঠে।
অনুষ্ঠান শেষে অংশগ্রহণকারীরা ভবিষ্যতেও বিভাগের উন্নয়ন ও অ্যালামনাই নেটওয়ার্ক শক্তিশালী করতে একসঙ্গে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।







