এশিয়া কাপে গুরত্বপূর্ণ ম্যাচে মাঠে নামতে চলেছে বাংলাদেশ। শ্রীলঙ্কার বিপক্ষে গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচ খেলবে লিটন দাসের দল। আসরে টিকে থাকতে লঙ্কানদের বিপক্ষে জয়ের বিকল্প নেই লাল-সবুজদের। লঙ্কা পরীক্ষা সামনে রেখে বেশ আত্মবিশ্বাসী টাইগার পেসার তানজিম হাসান সাকিব।
সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে রোববার শ্রীলঙ্কার মুখোমুখি হবে টিম টাইগার্স। বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায় শুরু হবে মাঠের লড়াই।
এশিয়া কাপের পাকিস্তান, শ্রীলঙ্কা ও নেদারল্যান্ডসের বিপক্ষে টানা তিন সিরিজের সুখস্মৃতি রয়েছে বাংলাদেশের। সাম্প্রতিক ফর্ম ধরে রেখে এশিয়ান শ্রেষ্ঠত্বের মঞ্চে জয় দিয়েই শুরু করেছে লিটন দাসের দল। যদিও হংকংয়ের বিপক্ষে খেলার ধরন নিয়ে উঠেছে প্রশ্ন। তবে মাঠের বাইরের সমালোচনায় কান দিতে চাননা তানজিম সাকিব। শ্রীলঙ্কা ম্যাচের আগে সাকিব আস্থা রাখতে চাইছেন সাম্প্রতিক পরিসংখ্যানে। এই ফরম্যাটের শেষ ৬ দেখায়, লাল-সবুজের জয়ের পাল্লা ভারী।
ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে সাকিব বলেছেন, ‘আমরা আমাদের সেরাটা দিব। আমাদের কে বড় দল বললো, কে ছোট দল বললো, এসব দেখার বিষয় না। শ্রীলঙ্কার বিপক্ষে আমরা একটা বাড়তি আত্মবিশ্বাস নিয়ে মাঠে নামব। ওয়ানডে বিশ্বকাপে জিতেছি। শেষ সিরিজেও তাদের বিপক্ষে জিতেছি। এটা আমাদেরকে একটা বাড়তি প্রেরণা দিবে।’
আবুধাবির গরমে ক্রিকেটারদের ক্লান্তি বাড়ায়নি টিম ম্যানেজমেন্ট। তাই অনুশীলন নয়, এদিন কৌশল সাজানোতেই ছিল বাড়তি গুরুত্ব। উইনিং কম্বিনেশন ভাঙার সম্ভাবনা ক্ষীণ। তবে মাথায় রাখতে হচ্ছে, লঙ্কানদের বিপক্ষে খেলতে হবে নতুন উইকেটে।








