হয়ে গেল ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে রাষ্ট্রের দায়িত্বে ফিরছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। নির্বাচনে রাজনীতির মাঠে ছিলেন এমন অনেকে, যারা যুক্ত থেকেছেন খেলার মাঠে। ক্রীড়াঙ্গন থেকে জয় লাভ করে সংসদে যাচ্ছেন যারা, তাদের কথা জানা যাক।
এবারের নির্বাচনে বর্তমান কোন খেলোয়াড় কিংবা বোর্ডের সদস্য ছিলেন না। সাবেক খেলোয়াড় এবং বিভন্ন ফেডারেশনের সাবেক সদস্যরা লড়েছেন নির্বাচনে। বিএনপির, ১১ দলীয় জোট এবং স্বতন্ত্র প্রার্থী হিসেবে বেশ কয়েকজন লড়েছেন এবার।
ধানের শীষ প্রতীকে ভোলা-৩ আসন থেকে জয়ী হয়েছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সাবেক সভাপতি ও ফিফার কমিটি সাবেক সদস্য মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম। ১,৪৫,৯৯০ ভোট পেয়ে তিনি হারান স্বতন্ত্র প্রার্থী মুহাম্মদ নিজামুল হককে। ১৯৬৭ সাল থেকে ১৯৭০ সাল পর্যন্ত পাকিস্তান জাতীয় ফুটবল দলে খেলেছেন তিনি। ১৯৭০ সালে পাকিস্তান জাতীয় ফুটবল দলের অধিনায়ক ছিলেন। মেজর (অব.) হাফিজ উদ্দিন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি এবং এশিয়ান ফুটবল কনফেডারেশনের নির্বাচিত সহ-সভাপতি ছিলেন। ফিফার আপিল ও ডিসিপ্লিনারি কমিটির সদস্য নির্বাচিত হয়েছিলেন। ১০০ ও ২০০ মিটারে রেকর্ড টাইমিংয়ে স্বর্ণ পদক জিতে ১৯৬৪, ১৯৬৫ এবং ১৯৬৬ সালে পূর্ব পাকিস্তানের দ্রুততম মানব ছিলেন।
খুলনা-৫ আসনে জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারকে হারিয়ে জয়ী হয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড, এশিয়া ক্রিকেট কাউন্সিলের সাবেক সভাপতি এবং আবাহনী লিমিটেডের সাবেক পরিচালক আলী আসগর লবি। ১৪৮,৮৫৪ ভোট পেয়ে জিতেছেন তিনি।
ঢাকার প্রয়াত মেয়র সাদেক হোসেন খোকার ছেলে ও ব্রাদার্স ইউনিয়ন ক্লাবের সভাপতি ইশরাক হোসেন ৭৮,৮৫০ ভোট পেয়ে ঢাকা-৬ আসনে নির্বাচিত হয়েছেন।
মোহামেডানের স্থায়ী সদস্য এবং বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ২৩৪,১৪৪ ভোট পেয়ে ঠাকুরগাঁও-১ আসনে নির্বাচিত হয়েছেন।
এবারের নির্বাচনে সবচেয়ে জমজমাট আসনের অন্যতম ছিল ঢাকা-৮। সেখানে এনসিপির নাসিরউদ্দিন পাটোয়ারির বিপক্ষে হাড্ডাহাড্ডি এক লড়াইয়ে জিতেছেন বিএনপি মনোনীত প্রার্থী সাবেক ক্রীড়া মন্ত্রী মির্জা আব্বাস। তিনি ৫৯,৩৬৬ ভোট পেয়েছেন।
কুমিল্লা-৬ থেকে মোহামেডান স্পোর্টিং ক্লাবের সাবেক কর্মকর্তা মনিরুল হক চৌধুরী ২,০১,৭০৬ ভোট পেয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কাজী দ্বীন মোহাম্মদের বিপক্ষে জিতেছেন।
তবে হেরে গেছেন ক্রীড়াঙ্গন থেকে সবচেয়ে আলোচিত প্রার্থী আমিনুল হক। ঢাকার-১৬ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীয়ের মো. আব্দুল বাতেনের বিপক্ষে ৩,৩৬১ ভোটে হারেন বাংলদেশের একমাত্র সাফজীয় গোলরক্ষক। ২০০৩ সালে মালদ্বীপকে হারিয়ে বাংলাদেশ ইতিহাসে প্রথম সাফ চ্যাম্পিয়ন হয়, সেই দলের গোলরক্ষক আমিনুল, ৮৫,৪৬৭ ভোট পেয়েছেন।








