জাতীয় সংসদের স্পিকার হিসেবে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ভোলা–৩ আসনের সংসদ সদস্য মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ এবং ডেপুটি স্পিকার হিসেবে সংসদ সদস্য ও ভূমি প্রতিমন্ত্রী কায়সার কামালকে শপথ পড়িয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন।
বৃহস্পতিবার (১২ মার্চ) জাতীয় সংসদ ভবনে রাষ্ট্রপতির কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে তাদের শপথ বাক্য পাঠ করান রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন।
এর আগে জাতীয় সংসদের অধিবেশনে স্পিকার পদে নির্বাচনের জন্য একমাত্র মনোনয়ন পান মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ। অধিবেশনে সভাপতিত্বকারী খন্দকার মোশাররফ হোসেন জানান, স্পিকার পদে একটিমাত্র মনোনয়ন পাওয়া গেছে এবং প্রার্থী দায়িত্ব পালনে সম্মত আছেন।
এরপর তিনি প্রস্তাব উত্থাপনের জন্য সংসদ সদস্য ও চিফ হুইপ নূরুল ইসলাম মনিকে আহ্বান জানান। তিনি স্পিকার পদে মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদের নাম প্রস্তাব করেন এবং প্রস্তাবটি সমর্থন করেন হুইপ রকিবুল ইসলাম। পরে প্রস্তাবটি সংসদে উত্থাপন করা হলে কণ্ঠভোটে ‘হ্যাঁ’ জয়যুক্ত হয়। ফলে তিনি জাতীয় সংসদের স্পিকার হিসেবে নির্বাচিত হন।

অন্যদিকে একই অধিবেশনে ডেপুটি স্পিকার পদে নির্বাচনের জন্য একমাত্র মনোনয়ন পান সংসদ সদস্য ও ভূমি প্রতিমন্ত্রী কায়সার কামাল। অধিবেশনে সভাপতিত্বকারী খন্দকার মোশাররফ হোসেন জানান, ডেপুটি স্পিকার পদে একটিমাত্র মনোনয়ন পাওয়া গেছে এবং প্রার্থী দায়িত্ব পালনে সম্মত আছেন।
এরপর তিনি প্রস্তাব উত্থাপনের জন্য সরকারি দলের সংসদ সদস্য ও হুইপ রুহুল কুদ্দুস তালুকদারকে আহ্বান জানান। তিনি ডেপুটি স্পিকার পদে কায়সার কামালের নাম প্রস্তাব করেন এবং প্রস্তাবটি সমর্থন করেন আরেক হুইপ আশরাফ উদ্দীন নিজান। পরে প্রস্তাবটি সংসদে পেশ করা হলে কণ্ঠভোটে ‘হ্যাঁ’ জয়যুক্ত হয়। এর ফলে কায়সার কামাল জাতীয় সংসদের ডেপুটি স্পিকার হিসেবে নির্বাচিত হন।
পরে স্পিকার ও ডেপুটি স্পিকার হিসেবে নির্বাচিত হওয়ার পর তারা রাষ্ট্রপতির কাছে শপথ গ্রহণ করেন।
শপথ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান, চিফ হুইপ নূরুল ইসলাম মনিসহ সংসদের সদস্য ও ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।








