নিউইয়র্কের নাসাউ কাউন্টি স্টেডিয়ামে শ্রীলঙ্কাকে ৭৭ রানে গুটিয়ে দিয়ে ৬ উইকেটে জয় পেয়েছিল সাউথ আফ্রিকা। একই মাঠে আসরের দ্বিতীয় ম্যাচে নেদারল্যান্ডসকে স্বল্প রানে থামিয়েছে এইডেন মার্করামের নেতৃত্বাধীন দল। টানা দ্বিতীয় জয়ের লক্ষ্যে ১০৪ রানের লক্ষ্যে নামবে তারা।
রোববার টসে জিতে নেদারল্যান্ডসকে আগে ব্যাটে আমন্ত্রণ জানান প্রোটিয়া অধিনায়ক। প্রোটিয়া বোলিং তোপ ও নিউইয়র্কের পিচের চ্যালেঞ্জ মোকাবেলা করে নির্ধারিত ওভার শেষে ৯ উইকেটে ১০৩ রানে থামে ডাচবাহিনী।
ডাচ ব্যাটারদের প্রায় সকলেই হয়েছেন সাইব্র্যান্ড এঙ্গেলব্রেখট ছাড়া। দলের সর্বোচ্চ রানের ইনিংস এসেছে তার ব্যাট থেকে। দুটি চার ও এক ছক্কায় ৪৫ বলে ৪০ রান করেন এই ব্যাটার।
২২ বলে ২৩ রান করেন লোগান ফন বিক। বিক্রমজিৎ সিং ১৭ বলে ১২ রান এবং অধিনায়ক স্কট অ্যাডওয়ার্ডস ৯ বলে ১০ রান করেন। বাকীদের সকলে ফিরেছেন দুই অঙ্কের ঘরে পৌঁছানোর আগে।
প্রোটিয়া বোলারদের মধ্যে দারুণ করেছেন অটনিয়েল বার্টম্যান। ৪ ওভারে ১১ রান খরচায় নেন ৪ উইকেট। এছাড়া এনরিখ নর্টজে এবং মার্কো জানসেন দুটি করে উইকেট নেন।








