দেশের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর তারেক রহমানকে শুভেচ্ছা জানিয়ে নিজের ভেরিফায়েড ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন কিংবদন্তী চলচ্চিত্র অভিনেতা ও প্রযোজক সোহেল রানা। সেই সাথে নতুন দায়িত্ব পাওয়া মন্ত্রীদের মধ্যে দু-একজনের বক্তব্য নিয়েও দিয়েছেন পরামর্শ!
কিছু মন্ত্রীর ‘টালমাটাল বক্তব্য’র প্রতিক্রিয়ায় এই নায়ক এখনই ‘লাগাম টানা’র কথা বলেছেন পোস্টে।
শুক্রবার রাতে বাংলা চলচ্চিত্রের ড্যাশিং নায়ক সোহেল রানা তার ফেসবুকে লেখেন, “গত তিন দিনে দেশের জনগণ অত্যন্ত আনন্দ ও আশার সঙ্গে তাকে গ্রহণ করেছে।” তবে কিছু মন্ত্রীর অপ্রয়োজনীয় ও ‘টালমাটাল’ বক্তব্য নিয়ে উদ্বেগ প্রকাশ করে সোহেল রানা বলেন, “কিছু মন্ত্রীদের মুখে দয়া করে টেপ লাগিয়ে দিতে বলুন।”
সোহেল রানা বলেন, বিশেষ কোনো সরকারি ঘোষণা ছাড়া মন্ত্রীদের ঘন ঘন সংবাদমাধ্যমে আসার প্রয়োজন নেই। সংশ্লিষ্ট দপ্তরের মুখপাত্রের মাধ্যমেই তথ্য প্রদান যথেষ্ট বলে মন্তব্য করেন তিনি। প্রয়োজনে প্রধানমন্ত্রীর অনুমতি সাপেক্ষে মন্ত্রীদের বক্তব্য দেওয়ার পরামর্শও দেন।
স্ট্যাটাসে তিনি আরও উল্লেখ করেন, নতুন দায়িত্ব পাওয়া কিছু মন্ত্রী এখনো রাজনৈতিক দলের নেতা হিসেবে বক্তব্য দেওয়ার ধাঁচ থেকে বের হতে পারেননি। তাদের অসতর্ক বক্তব্য সরকার ও প্রধানমন্ত্রীর ওপর প্রভাব ফেলতে পারে বলেও সতর্ক করেন এই অভিনেতা।
সতর্ক করে ‘মাসুদ রানা’ খ্যাত এই নায়ক বলেন,“এখন থেকে লাগাম টেনে না ধরলে লাভের গুড় পিঁপড়ায় খেয়ে ফেলবে। আপনাকে আবার অনেক ধন্যবাদ এবং শুভেচ্ছা।”








