কুয়েতে একটি সামরিক স্থাপনায় ইরানের হামলায় ছয়জন মার্কিন সেনা নিহত হয়েছেন বলে যুক্তরাষ্ট্র নিশ্চিত করেছে। মার্কিন সামরিক বাহিনী জানিয়েছে, একটি ড্রোন আকাশ প্রতিরক্ষাব্যবস্থা ফাঁকি দিয়ে পোর্ট শুয়াইবার একটি বাংকারে আঘাত হানে।
মঙ্গলবার (৩ মার্চ) যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী নিহত চার সেনার নাম প্রকাশ করেছে। তারা সবাই ইউএস আর্মি রিজার্ভের সদস্য। নিহতরা হলেন-ক্যাপ্টেন কোডি খর্ক (৩৫), সার্জেন্ট নোয়া টিটজেন্স (৪২), সার্জেন্ট নিকোল আমর (৩৯) এবং সার্জেন্ট ডেকলান কোয়াডি (২০)।
মার্কিন সেন্ট্রাল কমান্ড প্রাথমিকভাবে জানিয়েছিল, হামলায় তিনজন সেনা নিহত হয়েছেন। তবে সোমবার কর্মকর্তারা নিশ্চিত করেন, আহত একজন পরে মারা যান এবং ধ্বংসস্তূপের নিচ থেকে আরও দুইটি মরদেহ উদ্ধার হওয়ার পর নিহতের সংখ্যা দ্বিগুণ হয়েছে।
হামলার সময় নিহতরা একটি অস্থায়ী অফিসে কাজ করছিলেন। সেটির চারপাশে ১২ ফুট উঁচু ইস্পাত-সংবলিত কংক্রিটের দেয়াল ছিল। তবুও ভবনটি যথেষ্ট সুরক্ষিত ছিল কি না, তা নিয়ে প্রশ্ন উঠেছে। মার্কিন সামরিক বাহিনী এই ছয়জনের মৃত্যুকেই একমাত্র নিশ্চিত প্রাণহানি হিসেবে জানিয়েছে।
উল্লেখ্য, যুক্তরাষ্ট্রের সঙ্গে কুয়েতের দীর্ঘদিনের প্রতিরক্ষা সম্পর্ক রয়েছে। দেশটিতে ১৩ হাজারের বেশি মার্কিন সেনা মোতায়েন আছে।

