রাজধানীর শ্যামপুরে প্লাস্টিক কারখানায় লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের ৭টি ইউনিটের চেষ্টায় সকাল সোয়া ৭টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।
ফায়ার সার্ভিস জানায়, আজ মঙ্গলবার ভোর ৫টার কিছু পরে আগুনের খবর পান তারা। নিয়ন্ত্রণে একে একে যোগ দেয় ৭টি ইউনিট। ২ ঘন্টার কিছু বেশি সময়ের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। আগুন নেভাতে পোস্তগোলা, সূত্রাপুর ও সিদ্দিকবাজার স্টেশনের ফায়ার ফাইটাররা যোগ দেন।
জানা যায়, শ্যামপুরের ১১ নং লাল মসজিদ রোডের এই কারখানায় প্লাস্টিক ও রাবার ছিলো। সেখানে পুরাতন স্যান্ডেলের রিসাইক্লিং করা হতো।
বিষয়টি নিশ্চিত করে ফায়ার সার্ভিসের সদরদপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তা আনোয়ারুল ইসলাম বলেন, ভোর ৫টায় আমাদের কাছে সংবাদ আসে, শ্যামপুরে একটি পুরাতন স্যান্ডেলের রিসাইক্লিং কারখানায় আগুন লাগে। সংবাদ পাওয়ার পর ৫টা ৮ মিনিটে আমাদের প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছে। পরে একে একে আরও ৬ ইউনিট পৌঁছায়। সর্বশেষ সকাল ৭টা ১৮ মিনিটে ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট প্রায় ২ ঘণ্টা কাজ করে আগুন নিয়ন্ত্রণে আনে।
তিনি আরো বলেন, প্রাথমিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি। আগুনে কারখানার সব কাঁচামাল পুড়ে ছাই হয়ে গেছে। এছাড়া আগুনে হতাহতের কোনো সংবাদ আমাদের কাছে আসেনি। বর্তমানে ঘটনাস্থলে ড্যাম্পিংয়ের কাজ চলছে।








