বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) সিলেট পর্বেই শোয়েব মালিককে পাচ্ছে ফরচুন বরিশাল। বুধবার বিকেলে দলটির পক্ষে জানানো হয়, ২ ফেব্রুয়ারি এসে সিলেট পর্বে নিজেদের শেষ ম্যাচে খুলনা টাইগার্সের বিপক্ষে খেলবেন পাকিস্তানি অভিজ্ঞ অলরাউন্ডার।
বিপিএলে ঢাকায় প্রথম পর্ব শেষে দুবাই যান মালিক। ফেরার কথা থাকলেও দলের পক্ষে তখন জানানো হয় আর ফিরছেন না। এবার ফ্র্যাঞ্চাইজিটি জানিয়েছে আবার আসছেন মালিক।
বরিশালের হয়ে ঢাকা পর্বের তিন ম্যাচে শোয়েব মালিক খুব একটা ভালো করতে পারেননি। রংপুরের বিপক্ষে প্রথম ম্যাচে অপরাজিত ১৭ রান। দ্বিতীয় ম্যাচে করেন অপরাজিত ৫ রান। সবশেষ ম্যাচে ৭ রান করে আউট হন।


