বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, আমরা ইতিমধ্যে জেনেছি, আওয়ামী ফ্যাসিস্ট সরকার যাকে ইতিমধ্যে জনগণ প্রত্যাখ্যান করেছে, সেই খুনি শেখ হাসিনা ভারতের ত্রিপুরাতে বসে বাংলাদেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছেন। তার প্রতিক্রিয়া হিসেবেই আমরা তাৎক্ষণিক কুমিল্লাতে বিক্ষোভ মিছিল করেছি।
তিনি আজ শনিবার (১৯ অক্টোবর) রাতে কুমিল্লায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে ডাকা মশাল মিছিল শেষে সাংবাদিকদের এসব কথা বলেন।
হাসনাত আব্দুল্লাহ আরও বলেন, খুনি ফ্যাসিস্ট শেখ হাসিনার জন্য সব সময় একটি আতঙ্কের নাম কুমিল্লা। যখনই আমরা দেখব বিদেশে বসে বাংলাদেশকে নিয়ে খুনী শেখ হাসিনা চক্রান্ত করার চেষ্টা করছে, কুমিল্লা থেকেই প্রথম প্রতিরোধ যাবে। যখনই সারা বাংলাদেশের মানুষ আশাহত হয়েছে, তখনই ঘুরে দাঁড়িয়েছে কুমিল্লার মানুষ। এই কুমিল্লার নেতৃত্বেই আমরা খুনি ফ্যাসিস্ট শেখ হাসিনার মূল উৎপাটন করেছি।
উল্লেখ্য, কুমিল্লার বিবির বাজার সীমান্তে কুমিল্লা, নোয়াখালী, চাঁদপুর এলাকার আওয়ামী লীগ নেতাকর্মীরা ষড়যন্ত্রমূলক বৈঠক করবে এবং আগামীকাল (২০ অক্টোবর) আগরতলায় শেখ হাসিনার উপস্থিতিতে মুজিব নগর সরকারের আদলে সরকার ঘোষণা করবে বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে এমন তথ্য ছড়িয়ে পড়েছে। এই তথ্যের ভিত্তিতে ওই ষড়যন্ত্রকে প্রতিহত করতে কুমিল্লা টাউন হল মাঠ থেকে প্রতিরোধ ও মশাল মিছিল বের হয়ে কুমিল্লা নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
এতে কেন্দ্রীয় সমন্বয়ক হান্নান মাসুদসহ কুমিল্লা ও বিভিন্ন স্থান থেকে আগত সমন্বয়কগণ সহ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।








