কিছুদিন আগে শেষ হওয়া পাকিস্তান সুপার লিগে (পিএসএল) লাহোর কালান্দার্সের হয়ে ডাক পেয়েছিলেন বাংলাদেশের দুই অলরাউন্ডার সাকিব আল হাসান ও মেহেদী হাসান মিরাজ। সেখানে বাংলাদেশের ক্রিকেট নিয়ে সাকিবের সঙ্গে বিস্তর আলোচনা হয় মিরাজের। ওয়ানডে ক্রিকেটে অধিনায়কের দায়িত্ব নিয়ে বলেছেন মিরাজ।
নাজমুল হোসেন শান্তকে সরিয়ে বৃহস্পতিবার ওয়ানডে ফরম্যাটে বাংলাদেশের নতুন অধিনায়ক করা হয়েছে মেহেদী হাসান মিরাজকে। আগামী একবছরের জন্য ওয়ানডে অধিনায়কের দায়িত্ব দেয়া হয়েছে টাইগার অলরাউন্ডারকে।
শ্রীলঙ্কার বিপক্ষে পূর্ণাঙ্গ সিরিজ খেলতে দেশ ছাড়ার আগে শুক্রবার সাংবাদিকদের সঙ্গে কথা বলেছেন বাংলাদেশের নতুন ওয়ানডে অধিনায়ক মিরাজ। সেখানে জানতে চাওয়া হয় গতবছর জুলাই অভ্যুত্থানের আগে থেকে দেশের বাইরে থাকা সাকিব আল হাসানের সঙ্গে পিএসএলে তার কি কথা হয়েছে।
সাকিব প্রসঙ্গে মিরাজ বললেন, ‘‘সাকিব ভাইয়ের সঙ্গে আমরা পিএসএলে খেলেছি। বাংলাদেশের ক্রিকেট নিয়ে ওনার সঙ্গে আমার অনেক কথা হয়ছে। উনি চান দেশের ক্রিকেট অনেকদূর এগিয়ে যাক। তিনি চান, বাংলাদেশের তরুণ খেলোয়াড়রা যেন ভালো খেলে। তিনি সবচেয়ে বেশি যে জিনিসটা বলেছেন, ‘দল হিসেবে খেলতে হবে। কারণ বাংলাদেশ দলের সবাই যখন একসঙ্গে পারফর্ম করা শুরু করে তখন সেটার রেজাল্টও ভালো হয়।’ তখন উনি আসলে ওই সাজেশনগুলোই দিয়েছেন।’’
সাকিব আপাতত দলের বাইরে। গত বছরের ৫ আগস্ট আদাবরে পোশাক কারখানা কর্মী মো. রুবেল হত্যার ঘটনায় নিহতের বাবা রফিকুল ইসলামের করা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ আরও অনেকের সঙ্গে আসামি করা হয় আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য সাকিবকেও। যদিও ৫ আগস্টের আগে থেকেই দেশের বাইরে আছেন সাকিব। কিছুদিন পর দেশের মাটিতে সাউথ আফ্রিকা সিরিজ খেলে টেস্ট থেকে অবসর নিতে চেয়েছিলেন। যুক্তরাষ্ট্র থেকে দুবাই পর্যন্ত এসেছিলেন, তবে দেশে ফেরা হয়নি। এখনও অবশ্য বাংলাদেশের জার্সিতে খেলতে মুখিয়ে আছেন টাইগার কিংবদন্তি। অবসর নিতে চান দেশের মাটিতে।







