গতবছর সেপ্টেম্বরে কাউন্টি চ্যাম্পিয়নশিপে একটি ম্যাচ খেলেছিলেন সাকিব আল হাসান। টাইগার কিংবদন্তির ওই সময়ের বোলিং অ্যাকশন নিয়ে প্রশ্ন উঠেছিল। পরে ইংল্যান্ডের বার্মিংহাম ও ভারতে দুই দফায় পরীক্ষা দেন। দুবারই অকৃতকার্য হন। ফলে সব ধরনের ক্রিকেটে নিষিদ্ধ তার বোলিং। নিষেধাজ্ঞা কাটাতে তৃতীয়বার পরীক্ষা দেবেন টাইগার অলরাউন্ডার।
শনিবার ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে (ডিপিএল) দলবদলের প্রথম দিনে অনলাইনে কাগজপত্র জমা দিয়েছেন সাকিব। তাকে দলে নিয়েছে লিজেন্ডস অব রূপগঞ্জ। ক্লাবটির মালিক লুৎফর রহমান বাদল চ্যানেল আই অনলাইনকে সাকিবের তৃতীয়বার বোলিং অ্যাকশন পরীক্ষা দেয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।
বলেছেন, ‘ওর (সাকিবের) একটা পরীক্ষা আছে এই রোজার মধ্যে। একজনও কোচও নিয়েছে ইংল্যান্ডের। কোচ যদি সম্মতি দেয় তাহলে তৃতীয়বার পরীক্ষা দেবে। পরীক্ষায় যদি পাশ করে তাহলে আমার আশা সে খেলতে পারবে।’
রাজনৈতিক পট পরিবর্তনের পর দেশের মাটিতে ফেরা হয়নি সাকিব আল হাসানের। মিরপুরে টেস্ট থেকে অবসর নিতে চাইলেও তা আর হয়নি। বিপিএলে চিটাগং কিংসের স্কোয়াডে থাকলেও খেলা হয়নি। এমনকি ৫ আগস্টের দেশেই ফেরা হয়নি টাইগার তারকার। প্রতিকূলতা আর অনিশ্চয়তার মধ্যেই তাকে দলে নেয়ার কারণও ব্যাখ্যা করেছেন লুৎফুর রহমান বাদল। তার আশা সাকিব খেলবেন আসন্ন ডিপিএলে।
বলেছেন, ‘আমরা রাজনৈতিক সাকিবকে নেইনি, খেলোয়াড় সাকিবকে নিয়েছি। আমরা আশা করবো যদি সবকিছু ঠিকঠাক থাকে ও খেলবে, আর যদি সরকার না খেলতে দেয় তাহলে আমাদের কিছু করার নেই। আমার পক্ষ থেকে একজন খেলোয়াড়ের জন্য যা যা করার দরকার করেছি, আমি চেষ্টা করেছি।’







