ঈদের দিন দেশের ১০৭টি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে শাকিব খান অভিনীত হিমেল আশরাফের বহুল আলোচিত ছবি ‘প্রিয়তমা’। মুক্তির দিন থেকেই সিঙ্গেল স্ক্রিনসহ দেশের মাল্টিপ্লেক্সগুলোতেও ছবিটি হাউজফুল যাচ্ছে! ছবির টিকেট পেতে দর্শক উন্মাদনা তো রয়েছেই! সংবাদ মাধ্যম থেকে সামাজিক মাধ্যম- সবখানেই এসব ছবি ভিডিওর ছড়াছড়ি!
যদিও প্রচারণায় সশরীরে কখনই দেখা যায় না ঢাকাই সিনেমার এই সুপারস্টারকে! এর পক্ষে বিপক্ষে যুক্তি আছে, পাল্টা যুক্তিও আছে। অনেকে অভিযোগ করেন, অন্য সিনেমার তারকারা যেভাবে নিজের ছবির প্রচারণায় মাঠে থাকেন, শাকিব কেন থাকেন না! এমন অভিযোগকারীদের পাত্তা দিতে নারাজ কট্টর শাকিব ভক্তরা। শুধু শাকিব ভক্তই নয়, সিনেপাগল অনেকেই মনে করেন; দুই যুগ ধরে যিনি ইন্ডাস্ট্রিতে রাজ করছেন, দেড় দশক ধরে একাই শাসন করছেন ঢাকাই সিনেমা; তার ছবি প্রচারণার জন্য মাঠে নামার প্রয়োজন হয় না। কারণ তার নামেই সিনেমা দেখতে লোকে হুমড়ি খেয়ে পড়ে!
‘প্রিয়তমা’ নিয়েও সেই পুরনো বিতর্ক উস্কে দিলো একটি স্থিরচিত্র! ঈদের দ্বিতীয় দিনে বিশিষ্ট রন্ধনশিল্পী কেকা ফেরদৌসী তার অফিশিয়াল ফেসবুকে শাকিবের সঙ্গে একটি ছবি পোস্ট করেন। ছবির ক্যাপশনে তিনি লিখেন,‘ঈদের দিনে শাকিব খানের সাথে।’
জানা যায়, ঈদের দিন রাতে প্রখ্যাত শিশুসাহিত্যিক, চলচ্চিত্র প্রযোজক ও মিডিয়া ব্যক্তিত্ব ফরিদুর রেজা সাগরের বনানীর বাসায় আমন্ত্রিত ছিলেন শাকিব খান। সেখানেই রন্ধনশিল্পী কেকা ফেরদৌসীর সাথে সাক্ষাৎ হয় ঢাকাই সিনেমার এই সুপারস্টারের।
যে ছবিটি শুক্রবার দুপুরে পোস্ট করেন কেকা ফেরদৌসী। আর সঙ্গে সঙ্গে এই ছবিটি লুফে নেয় শাকিব ভক্তরা। চলচ্চিত্রের বিভিন্ন গ্রুপে ছবিটি নিয়ে শুরু হয়েছে চর্চা। অন্য সবাই যখন মুক্তি পাওয়া ছবির প্রচারণায় হলে হলে দৌড়াচ্ছেন, শাকিব তখন রিল্যাক্সে!
কেকা ফেরদৌসীর পোস্ট করা ছবিটি শেয়ার করে অন্যদের খোঁচা দিতেও ছাড়ছেন না ভক্তরা! ছবিটি শেয়ার করে অনেকে লিখছেন,‘কেউ হলে হলে দৌড়ে ও হাউসফুল করতে দম বেরিয়ে যাচ্ছে। আর এক রাজা ঘরে বসে বিফ রেজালা–পোলাও খাচ্ছে,আর হাউসফুলের ভিডিও দেখে আসনে বিন্দাস রয়েছে। যাই বলেন কথা কিন্তু সত্য!’ আবার অনেকে লিখছেন, ‘এটাই একজন সুপারস্টারের পাওয়ার!’ আবার কেউ কেউ বলছেন,‘রাজা সবসময় রাজাই থাকে!’








