২০২১-২২ অর্থবছরে সরকারি অনুদানপ্রাপ্ত সিনেমার নাম ঘোষণা করেছে তথ্য মন্ত্রণালয়ের চলচ্চিত্র শাখা। সেই তালিকার ১৯টি সিনেমার মধ্যে প্রযোজক হিসেবে ৬৫ লাখ টাকা অনুদান পেলেন শাকিব খান। এর মাধ্যমে প্রথমবার সরকারি অনুদান পেলেন এ সুপারস্টার।
বুধবার সকালে তথ্য মন্ত্রণালয়ের চলচ্চিত্র ২ শাখা প্রজ্ঞাপনের মাধ্যমে জানান, শাকিবের অনুদান পাওয়া সিনেমাটির সম্ভব্য নাম ‘মায়া’। পরিচালক হিমেল আশরাফ। জনপ্রিয় এ নায়কের নিজের প্রোডাকশন হাউজ এসকে ফিল্মস থেকে ‘মায়া’ নির্মিত হবে বলে জানা গেছে।
এসকে ফিল্মস এর সাথে যোগাযোগ করে জানা যায় , ‘মায়া’ সিনেমাটির কাহিনি সংলাপ ও চিত্রনাট্য করেছেন ফেরারী ফরহাদ। তবে এই সিনেমায় শিল্পী কারা সেই বিষয়ে কিছু জানা যায়নি।
চলচ্চিত্র শিল্পে মেধা ও সৃজনশীলতাকে করা এবং দেশের আবহমান সংস্কৃতি, স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের চেতনা সমুন্নত রাখার লক্ষ্যে রুচিশীল ও শিল্প সমৃদ্ধ পূর্ণদৈঘ্য চলচ্চিত্র নির্মাণে সরকারি পৃষ্ঠপোষকতা ও সহায়তা প্রদানের জন্য সরকার অনুদান প্রদান করে থাকে।
২০২১-২২ অর্থবছরে ১৯টি সিনেমার জন্য মোট ১২ কোটি ১৫ লাখ টাকার সরকারি অনুদান ঘোষণা করেছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। এ বছর মুক্তিযুদ্ধভিত্তিক দুটি ও সাধারণ শাখায় ১৭টিসহ মোট ১৯টি সিনেমাকে অনুদানের সিদ্ধান্ত নিয়েছে সরকার, যা গত বছর ছিল ২০টি।








