ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজের পর হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। চোটে ক্যারিবীয়দের বিপক্ষে ওয়ানডে সিরিজেও খেলা হচ্ছে না অভিজ্ঞ উইকেটরক্ষক-ব্যাটার মুশফিকুর রহিমের। শঙ্কা আছে নিয়মিত অধিনায়ক নাজমুল হোসেন শান্তকে নিয়েও। এমন বাস্তবতায় আবারও আলোচনায় সাকিব আল হাসানের নাম।
সবশেষ ভারতের বিপক্ষে টেস্টে জাতীয় দল জার্সিতে খেলেছিলেন সাকিব। পরে ঘরের মাঠে সাউথ আফ্রিকার বিপক্ষে টেস্ট দিয়ে সাদা পোশাকের ক্রিকেটকে বিদায় জানাতে চেয়েছিলেন তারকা অলরাউন্ডার। রাজনৈতিক বাস্তবতায় শেষপর্যন্ত আর দেশেই ফেরা হয়নি তার।
এরপর সংযুক্ত আরব আমিরাতে আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে চাননি সাকিব, বিসিবি জানায় এমন। বলা হয়েছিল প্রস্তুতি না থাকায় খেলতে চাননি বাঁহাতি অলরাউন্ডার। এখন টি-টেন লিগে খেলার মধ্যে আছেন সাকিব। তাই ওয়েস্ট ইন্ডিজ সফরে যেতে আপত্তি থাকার কথা না তার।
আবুধাবিতে জাতীয় দলে ফেরা নিয়ে সাংবাদিকরা জানতে চাইলে সাকিব বলেছেন, টি-টেন লিগ শেষে জাতীয় দলে খেলবেন। বিসিবি থেকেও তাকে দলে নিতে নির্দেশনা দেয়া হয়েছে বলে নির্বাচক প্যানেল সূত্রে খবর। অবশ্য দল ঘোষণা না হওয়া পর্যন্ত কোনকিছুই চূড়ান্ত নয়। দেশের বর্তমান বাস্তবতায় যেকোনো সময় সিদ্ধান্ত পরিবর্তন হতে পারে।
শান্ত-মুশফিকের চোটজনিত অনিশ্চয়তার সঙ্গে পিতৃত্বকালীন ছুটি নেয়ায় ক্যারিবীয়দের বিপক্ষে খেলবেন না মোস্তাফিজুর রহমানও। আলোচনায় আছে বিসিবি প্রধান ফারুক আহমেদ, জাতীয় দলের প্রধান কোচ ফিল সিমন্স এবং অধিনায়ক মেহেদী হাসান মিরাজও চান সাকিব যেন খেলেন।








