পাকিস্তান সুপার লিগের (পিএসএল) বাকি অংশে লাহোর কালান্দার্সের হয়ে খেলবেন সাকিব আল হাসান। এমন খবর জানা গেছে আগেই। শনিবার বাংলাদেশি এই অলরাউন্ডারের পাকিস্তানের ইসলামাবাদে পৌঁছানোর খবর জানিয়েছে সাকিবের দল। সামাজিক যোগাযোগ মাধ্যমে তার যোগ দেয়ার বিষয়টি নিশ্চিত করেছে তারা।
সাকিবের মতোই আরেকজনের বদলি হিসেবে ফ্র্যাঞ্চাইজিটির স্কোয়াডে যুক্ত হয়েছেন শ্রীলঙ্কার ব্যাটার ভানুকা রাজাপাকশে। সাকিব-রাজাপাকসে ও কুশল পেরেরাকে স্বাগত জানিয়ে লাহোর লিখেছে, ‘কুশল পেরেরা, সাকিব আল হাসান ও ভানুকা রাজাপাকশে ইসলামাবাদে পৌঁছেছেন। বিদেশি কালান্দার্সরা এসে গেছে এবং পিএসএলের বাকি অংশে আলো ছড়াতে প্রস্তুত।’
পিএসএলের চলমান দশম আসরে শুরুতে দল পাননি সাকিব। নতুন করে তাকে দলে নেয়া হয়েছে মূলত নিউজিল্যান্ডের অলরাউন্ডার ড্যারিল মিচেলের জায়গায়। টুর্নামেন্ট স্থগিত হওয়ার পর এই কিউই তারকা দেশে ফিরে যান। এদিকে, পিএসএলের বাকি অংশের জন্য ডাক পাওয়ায় সাকিব অনাপত্তিপত্র বা এনওসি চেয়ে বিসিবির কাছে আবেদন করেছিলেন। তাতে সাড়া দিয়েছে বিসিবি।
Kusal Perera, Shakib Al Hasan, and Bhanuka Rajapaksa have arrived in Islamabad and they mean business!
Are you ready, Qalandars family? pic.twitter.com/vlLwyC3C2F
— Lahore Qalandars (@lahoreqalandars) May 17, 2025
সাকিব আল হাসানের লাহোর কালান্দার্সের গ্রুপ পর্বে ম্যাচ বাকি কেবল একটি। পেশোয়ার জালমির বিপক্ষে রাওয়ালপিন্ডির মাঠে সোমবারের ম্যাচটি লাহোরের জন্য অলিখিত কোয়ার্টার ফাইনাল। জিতলে নিশ্চিত হয়ে যাবে প্লে-অফের টিকিট। হারলে টুর্নামেন্ট থেকেই বাদ। বাংলাদেশ সময় রাত ৯টায় শুরু হবে মাঠের লড়াই। পিএসএলের পয়েন্ট টেবিলে ৯ ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে চারে আছে লাহোর। সেরা চারে থেকে লিগপর্ব শেষ করতে পারলে তারা প্লে-অফ নিশ্চিত করবে।
এই টুর্নামেন্ট দিয়েই ক্রিকেটে ফিরছেন বাংলাদেশের এই তারকা অলরাউন্ডার। সাকিব সর্বশেষ প্রতিযোগিতামূলক ম্যাচ খেলেছেন গত বছরের ৩০ নভেম্বরে আবুধাবি টি-টেন লিগে বাংলা টাইগার্সের হয়ে।
ভারত-পাকিস্তান সংঘাতে স্থগিত হওয়া পিএসএল শনিবার থেকে পুনরায় শুরু হবে। ফাইনাল অনুষ্ঠিত হবে ২৫ মে। লিগ পর্বের বাকি চারটি ম্যাচ ও প্লে-অফ পর্বের ম্যাচগুলোর জন্য ভেন্যু নির্ধারণ করা হয়েছে রাওয়ালপিন্ডি ও লাহোর।








