দেশের ছয়টি সিটি করপোরেশনে নতুন প্রশাসক নিয়োগের অংশ হিসেবে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক হিসেবে মো. শফিকুল ইসলাম খানকে দায়িত্ব দিয়েছে সরকার।
রোববার (২২ ফেব্রুয়ারি) স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। সরকারি সিদ্ধান্ত অনুযায়ী, তিনি পূর্ণকালীন প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করবেন এবং পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত করপোরেশনের সার্বিক প্রশাসনিক কার্যক্রম পরিচালনা করবেন।
রাজনৈতিক অঙ্গনে সক্রিয় মো. শফিকুল ইসলাম খান ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর মনোনীত প্রার্থী হিসেবে ঢাকা-১৫ আসন (মিরপুর-কাফরুল এলাকা) থেকে ধানের শীষ প্রতীকে নির্বাচন করেছিলেন। তবে ওই নির্বাচনে তিনি বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমানের কাছে পরাজিত হন।
এর আগে তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। রাজনীতিতে তার প্রায় ৪০ বছরেরও বেশি সময়ের অভিজ্ঞতা রয়েছে।








