ভয়াবহ দাবানলে পুড়ছে যুক্তরাষ্ট্রের শিল্প, বাণিজ্য ও আর্থিক কর্মকাণ্ডের অন্যতম প্রধান কেন্দ্র লস অ্যাঞ্জেলেস। বিশাল এলাকাজুড়ে ছড়িয়ে পড়া দাবানলে ইতিমধ্যে ১২শ’ একরেরও বেশি এলাকা পুড়ে গেছে।
আজ (৮ জানুয়ারি) বুধবার বিবিসিতে প্রকাশিত একটি প্রতিবেদনে বলা হয়, আগুনে ভস্মীভূত হয়েছে বহু ঘরবাড়ি ও গাড়ি। পরিস্থিতি বিবেচনায় ৩০ হাজারেরও বেশি মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে।
স্থানীয় ফায়ার চিফ ক্রিস্টিন ক্রাউলি বলেন, ৩০ হাজারেরও বেশি লোককে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হচ্ছে এবং ১৩ হাজার ভবন আগুনে ভস্মীভূত হয়েছে। পরিস্থিতি বিবেচনায় সেখানে জরুরি অবস্থা জারি করা হয়েছে।
১০ একর থেকে শুরু হয়ে মাত্র কয়েক ঘণ্টার মধ্যে ১২শ’ একরেরও বেশি এলাকায় দাবানল ছড়িয়ে পড়ে। পরবর্তীতে আগুনে পুড়ে ছাই হয়েছে প্রায় ২৯শ’ একর জমি।
প্যাসিফিক প্যালিসেডেস এলাকায় আগুনের তীব্রতা সবচেয়ে বেশি বলে জানা যায়। এ এলাকার বাসিন্দারা দাবানল থেকে বাঁচতে তাদের ঘরবাড়ি ছেড়ে চলে গেছেন।








